রাজনীতি

বাধা-ষড়যন্ত্রে দমে যাব না, ভয় দেখিয়ে একচুলও সরানো যাবে না: আমির হামজা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

বাধা-ষড়যন্ত্রে দমে যাব না, ভয় দেখিয়ে একচুলও সরানো যাবে না: আমির হামজা
ছবি: সংগৃহীত

কোনো ধরনের বাধা, ষড়যন্ত্র কিংবা ভয়ভীতি দেখিয়ে নিজের অবস্থান থেকে একচুলও সরানো যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, মানুষের ভালোবাসা থামিয়ে রাখা কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে তাদের কণ্ঠরোধ করা সম্ভব নয়। জনগণের ভালোবাসা, আস্থা ও আদর্শই তার শক্তির মূল ভিত্তি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা জানিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের আহ্বান জানান এই সংসদ সদস্য।

ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, ‘প্রিয় ঝিনাইদহবাসী, আজ আমি আসছি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে।’

তিনি আরও বলেন, বাধা সৃষ্টি করে মানুষের ভালোবাসা থামানো যায় না। একইভাবে ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের কণ্ঠরোধ করাও সম্ভব নয়। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে তাকে নিজের অবস্থান থেকে একচুলও সরানো যাবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি।

জনগণের সঙ্গে তার সম্পর্ক কোনো বাধা কিংবা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয় উল্লেখ করে আমির হামজা বলেন, এই সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা, পারস্পরিক আস্থা ও আদর্শ। তাই যেকোনো পরিস্থিতিতেই জনগণের সঙ্গে তার যোগাযোগ ও অবস্থান অব্যাহত থাকবে বলে পোস্টে ইঙ্গিত দেন তিনি।

পোস্টের শেষাংশে ঝিনাইদহবাসীকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য। তিনি লেখেন, ‘আমি আসছি, আপনারাও আসুন। দেখা হবে, কথা হবে, মতবিনিময় হবে। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রইলাম।’

উল্লেখ্য, কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুফতি আমির হামজার মাহফিল এবং একই স্থানে মাদকবিরোধী সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার খবর প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই নিজের ফেসবুক পোস্টে এমন দৃঢ় অবস্থানের কথা জানালেন তিনি।