জাতীয়
ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক
স্মার্টফোন হাতে পেলেই অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে একটি শ্রেণি অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তাঁর অভিযোগ, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে স্মার্টফোন ব্যবহার করে অনেকেই নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। তাঁদের অনেকেরই ম্যাট্রিক তো দূরের কথা, অষ্টম শ্রেণি পাসের যোগ্যতাও নেই। এ ধরনের ভুয়া সাংবাদিকদের কারণে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ভুয়া পরিচয় ও আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন এসব কথিত সাংবাদিক। তাঁদের কর্মকাণ্ডে শুধু প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও পেশাগত সুনামই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে একটি সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন এবং সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা বা বিধিমালা তৈরির উদ্যোগ সরকার নেবে কি না, সে বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অপসাংবাদিকতা ও ভুয়া তথ্য প্রচারের কারণে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু সংসদ সদস্যরাই নন, দেশের সাধারণ জনগণ এবং বিভিন্ন পেশার মানুষও এর নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছেন।
প্রতিমন্ত্রী জানান, এ সমস্যা সমাধানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃত সাংবাদিকদের চিহ্নিত করা, পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন এবং অপসাংবাদিকতা প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা ও মতবিনিময় করা হচ্ছে। এসব আলোচনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন অংশ নিচ্ছে।
তিনি আরও বলেন, কে কোন পেশায় যুক্ত হবেন এবং কীভাবে নিজের বক্তব্য বা মতামত প্রকাশ করবেন, তা সরকার একতরফাভাবে নির্ধারণ করে দেওয়া সমীচীন নয়। কারণ সরকার বাকস্বাধীনতায় বিশ্বাস করে। তবে পেশাদার সাংবাদিকতার সুরক্ষা এবং প্রকৃত সাংবাদিকদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কারা প্রকৃত সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন, সে বিষয়ে একটি গ্রহণযোগ্য প্রস্তাবনা সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে আসা প্রয়োজন। সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে পেশাদার সাংবাদিকতাকে উৎসাহিত করা এবং অপসাংবাদিকতা ও ভুয়া তথ্যের বিস্তার রোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।