জাতীয়
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর, সমন্বিত ও দায়িত্বশীল উদ্যোগ নিতে হবে। জলবায়ু সংকটের জন্য যেসব দেশ সবচেয়ে কম দায়ী, অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের প্রতি আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি।
আজ তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন। এ সময় তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ন্যায্য অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর এবং জ্বালানি খাতে ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। সীমিত অবদান থাকা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশকে প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে। এ চ্যালেঞ্জের মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। উন্নয়ন যেন পরিবেশের ক্ষতির কারণ না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। বিশেষ কর প্রণোদনার আওতায় চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরিতেও কাজ করছে সরকার।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পাশাপাশি সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকার প্রাকৃতিক সুরক্ষা জোরদার হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়বে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান আন্তর্জাতিক অর্থায়ন কাঠামো এখনো উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার পূরণে যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা প্রয়োজন। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করতে হবে।
এ প্রেক্ষাপটে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রথম প্রস্তাবে তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রচেষ্টায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে।
দ্বিতীয় প্রস্তাবে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এসব ব্যবস্থার মাধ্যমে জলবায়ু দুর্যোগের সময় ঋণ পরিশোধের চাপ কমানো এবং জলবায়ু কার্যক্রমে অর্থ ব্যয়ের সুযোগ তৈরির কথা তুলে ধরেন তিনি।
তৃতীয় প্রস্তাবে পরিবেশবান্ধব ও আধুনিক জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার ওপর জোর দেন তিনি।
চতুর্থ প্রস্তাবে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত সম্প্রসারণের কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় রেখেই জ্বালানি খাতের এই পরিবর্তন নিশ্চিত করতে হবে।
পঞ্চম প্রস্তাবে কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি খাতের ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান তিনি।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগে নারী ও তরুণদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কপ-৩১ সম্মেলনের সফলতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে, এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন ও স্বার্থকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’
এর আগে বক্তব্যের শুরুতে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।