রাজনীতি

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে, পতিত শক্তি আবারও সক্রিয়: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে, পতিত শক্তি আবারও সক্রিয়: রিজভী
ছবি: সংগৃহীত

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পতিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করেন, সারা দেশে পরিকল্পিতভাবে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পতিত শক্তি। তবে দেশের সাধারণ মানুষের কাছে ফ্যাসিবাদী শক্তির কোনো গ্রহণযোগ্যতা নেই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, দেশে অর্থপাচারসহ বিভিন্ন মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটানো হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে কৃত্রিম অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের অপচেষ্টা দীর্ঘস্থায়ী হবে না।

তিনি আরও বলেন, যারা এসব অপকর্মে জড়িত, তারা বেশিদিন নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে না। পতিত শক্তি কখনো নীরবে বসে থাকে না; বরং বিভিন্ন কৌশলে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করে। নানা ধরনের অপতৎপরতার মাধ্যমে তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

টেলিভিশনের টকশোগুলোতেও ফ্যাসিবাদের দোসররা বিভিন্নভাবে মিথ্যা বয়ান তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তার মতে, পরিকল্পিত অপপ্রচার ও নানা অপকৌশলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলেও এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করা সম্ভব হবে না।