জাতীয়

বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত নিয়োগপ্রক্রিয়ার সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ এবং উত্তরপত্র মূল্যায়নে নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এসব উদ্যোগের ফলে বিসিএস নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির সুযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মুন্সীগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র ওএমআর (OMR) মেশিনের মাধ্যমে স্ক্যান করে ফলাফল তৈরি করা হয়। এ পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রস্তুত হওয়ায় ফলাফল প্রণয়নে অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই বললেই চলে। তবে অটোমেশনের বাইরে থাকা কিছু কার্যক্রমও পর্যায়ক্রমে এই ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে প্রশ্নপ্রণেতারা নিজ নিজ বাসায় বসে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। বর্তমানে তাদের পিএসসির নির্ধারিত গোপনীয় প্রশ্নপত্র প্রণয়ন কক্ষে অবস্থান করে প্রশ্ন তৈরি করতে হয়। প্রশ্ন প্রণয়ন শেষ হলে তা সিলগালা করে সংশ্লিষ্ট কমিশন সদস্যের কাছে জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই সদস্যের তত্ত্বাবধানে একই দিন সিলগালা করা খাম ভল্টরুমে সংরক্ষণ করা হয়।

প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভল্টরুমে সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি ভল্টরুমের নিরাপত্তাব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিশন সদস্য ও কমিশন মনোনীত কর্মকর্তারা ফেস লক প্রযুক্তির মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন। এ ছাড়া ভল্টরুম এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য নির্ধারিত কক্ষে সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রশ্ন তৈরির আগে প্রশ্নপ্রণেতাদের গতানুগতিক ধারার বাইরে সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, প্রশ্নের পুনরাবৃত্তি এড়িয়ে চলা এবং সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

প্রশ্নপত্র মুদ্রণের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে পিএসসি। আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) অথবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপানো হতো। বর্তমানে কমিশনের নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র মুদ্রণ করা হচ্ছে। এতে প্রশ্নপত্র মুদ্রণ ও সংরক্ষণের পুরো প্রক্রিয়ার ওপর কমিশনের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

মুদ্রণকাজ শুরু হওয়ার পর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কমিশন সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের প্রেসে অবস্থান করতে হয়। এ সময় তাদের কাছে বাইরে যোগাযোগের জন্য কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস রাখার সুযোগ থাকে না। প্রশ্নপত্র মুদ্রণের পুরো কার্যক্রম পিএসসির চেয়ারম্যান সরাসরি তদারকি করেন। এর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি কমানোর পাশাপাশি পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

অন্যদিকে, বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রকৃত মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে চালু করা হয়েছে সার্কুলার পদ্ধতি। এ পদ্ধতি বাস্তবায়নে কমিশনের পক্ষ থেকে একাধিক দল গঠন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, পরীক্ষকরা উত্তরপত্র বাসায় নিয়ে যেতে পারেন না। তাদের পিএসসিতে উপস্থিত হয়ে নির্ধারিত দলের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করতে হয়। কমিশনের নির্দেশনা, সরাসরি তদারকি এবং নির্ধারিত সময়সীমা অনুসরণ করে একাধিক পরীক্ষকের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

মৌখিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পিএসসি। প্রতিমন্ত্রী জানান, ভাইভা শুরুর মাত্র ৩০ মিনিট আগে কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন, তা চূড়ান্ত করা হয়। ফলে আগে থেকে বোর্ডের সদস্য বা প্রার্থীর পরিচিতি জানার সুযোগ সীমিত থাকে। এতে মৌখিক পরীক্ষায় প্রভাব বিস্তার কিংবা অনৈতিক যোগাযোগের সম্ভাবনা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষাকে প্রশ্নপত্র ফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ধারাবাহিকভাবে এসব পদক্ষেপ বাস্তবায়ন করছে। নিয়োগপ্রক্রিয়ার প্রতিটি ধাপে প্রযুক্তির ব্যবহার, কঠোর নিরাপত্তাব্যবস্থা এবং জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।