রাজনীতি
আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির কার্যক্রমের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়টি গণমাধ্যমকেও মনে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম প্রচার-প্রচারণার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের ইতিহাস নতুন নয়। তাঁর দাবি, দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বর্তমানে যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তারাও একই রাজনৈতিক ধারার অনুসারী বলে মন্তব্য করেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, আওয়ামী লীগের রাজনীতি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শুধু রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটেও দলটির বিভিন্ন কার্যক্রম ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
তিনি আরও বলেন, ওই গেজেট অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই এ বিষয়ে গণমাধ্যমেরও সচেতন থাকা উচিত বলে মনে করেন তিনি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণও এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সন্ত্রাসী সংগঠন ও তাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া, বিভিন্ন স্থানে যানবাহন রেখে যাওয়া কিংবা ছোটখাটো অগ্নিসংযোগের ঘটনা ঘটানোর প্রসঙ্গ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, দুই-চারজন ব্যক্তি রাতের অন্ধকারে কোনো স্থানে জড়ো হয়ে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে পারে। কোথাও গাড়ি বা বাস রেখে যাওয়া কিংবা ছোটখাটো আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। তবে তাঁর দাবি, এসব ঘটনার মাধ্যমে বারবার প্রমাণিত হচ্ছে যে আগুন সন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগ জড়িত।
আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের মূল হোতা হিসেবে উল্লেখ করে পলাতক এক ব্যক্তির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। দেশের জনগণ এই বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে না। ভবিষ্যতেও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার কোনো ইচ্ছা সরকারের নেই। গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার বিষয়েও সরকারের এই অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।