জাতীয়
ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি; আইসিইউতে ৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশ্রাফীয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া অসুস্থ আরও কয়েকজন শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। ফলে হাসপাতালে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ শিক্ষার্থী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেক শিক্ষার্থী হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ চিকিৎসার জন্য অপেক্ষা করছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের দেখভাল করছেন মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত মাদ্রাসার ৬৩ জন শিক্ষার্থী সেখানে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। এ ছাড়া নতুন করে আরও রোগী হাসপাতালে আসছেন। তবে ভর্তি হওয়া কারও শরীরে আগুনে পোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। মূলত অগ্নিকাণ্ডের পর ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ বিভিন্ন শ্বাসতন্ত্রজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, মাদ্রাসার লাইব্রেরির যে স্থানে আগুনের সূত্রপাত হয়, সেখানে তখন কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না। তবে আগুন লাগার পর দ্রুত ধোঁয়া পুরো মাদ্রাসা ভবনে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা ধোঁয়ার সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও জানান, মাদ্রাসা ভবনে একাধিক সিঁড়ি থাকায় আগুন লাগার পর শিক্ষার্থীরা দ্রুত ও নিরাপদে বাইরে বের হতে সক্ষম হয়। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।