রাজনীতি
কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক কার্বন নিঃসরণে দেশের তুলনামূলক কম অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায্য সহযোগিতা নিশ্চিত করবে বলে প্রত্যাশা তাঁর।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দলের তুরস্কের উদ্দেশে যাত্রার আগে তাঁদের বিদায় জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান রিজভী।
এ সময় তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক ও জলবায়ুবিশেষজ্ঞরা অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ২১ সদস্যের একটি প্রতিনিধি দল তুরস্কে যাচ্ছে। এই সম্মেলনে বাংলাদেশের স্বার্থ ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে সমাদৃত। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত ছিল। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, মানবসৃষ্ট কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মানবজাতি এক কঠিন ও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশগত সংকট দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে।
তিনি আরও বলেন, সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডসহ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন। জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত সমাধান বেরিয়ে আসবে বলে তাঁরা প্রত্যাশা করছেন। সুন্দর এই পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখা সবার সম্মিলিত দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে আন্তর্জাতিক এই সম্মেলন গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে।
কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, সম্মেলনটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এতে অংশ নিচ্ছেন। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে কম হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাংলাদেশকে ব্যাপকভাবে মোকাবিলা করতে হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ন্যায্য অধিকার ও প্রাপ্য সহযোগিতা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।