রাজনীতি

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে : আমিনুল হক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে : আমিনুল হক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ইতিহাসের বিকৃতি রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে এমডিসি মডেল ইনস্টিটিউট মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জ্ঞান প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হকের নিজস্ব উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের সূচনালগ্ন থেকে মহান মুক্তিযুদ্ধের আগের ও পরের সব ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা সঠিক তথ্য জানুক। অতীতে দীর্ঘ ১৭ বছর ইতিহাসকে ধামাচাপা দিয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্ম হয়নি। তাঁদের মতো তিনিও সরাসরি মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেননি। এ কারণে পাঠ্যপুস্তক, ইতিহাসচর্চা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকার ইতিহাসও শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে।

গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে আমিনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। বর্তমান সরকারও সংবাদমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে বলে তিনি দাবি করেন। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে। তবে সমালোচনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মিথ্যাচার ও অপপ্রচারও ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সত্যের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না এবং সত্যকে চিরদিন গোপন রাখা সম্ভব নয়। সত্য একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেই। তাই ইতিহাস চর্চার ক্ষেত্রে তথ্যনির্ভরতা ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, পল্লবী ও রূপনগর এলাকার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি-এই দুই বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে রচনা, চিত্রাঙ্কন ও কুইজসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো এ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে দেশের ইতিহাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞানচর্চা বাড়ানো এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।