জাতীয়
কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার, ‘কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে’: হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি কৃষিবান্ধব সরকার। বিএনপি সরকার বিশ্বাস করে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা অনেকাংশেই কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের স্বার্থ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আরও আধুনিক ও সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে এ কোল্ড স্টোরেজটি নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে হুইপ দুলু বলেন, ক্ষমতায় আসার আগেই তারেক রহমান কৃষকদের ঋণমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের আগে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতোমধ্যে সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে কৃষকদের ঋণমুক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, বিএনপিই একমাত্র সরকার, যারা কৃষকদের উৎসাহিত করা, তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং কৃষি খাতকে টিকিয়ে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি খাত। কৃষকদের জীবনমান উন্নত না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ কারণে কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের উৎপাদিত ফসলের যথাযথ সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি।
কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে হুইপ দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বরাদ্দ বৃদ্ধি করেছে। কৃষকদের সারের সংকট দূর করতে প্রতিটি ইউনিয়নে আলাদা সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে। এর ফলে কৃষকদের সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হবে না। সারের জন্য রাস্তায় হৈচৈ, মিছিল কিংবা সভা-সমাবেশ করার পরিস্থিতিও তৈরি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন-২০২৩ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটির সম্মেলন প্রচারাভিযানেও উপস্থিত ছিলেন তিনি।