রাজনীতি
আমরা চাই তারা দেশে ফিরে আসুক: সড়কমন্ত্রী
পলাতক ও ওয়ান্টেড আসামিদের দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন কিংবা বিভিন্ন মামলায় পলাতক ও ওয়ান্টেড আসামি হিসেবে রয়েছেন, তাঁদের দেশে ফিরে আসা উচিত। আইনও তাঁদের দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার পক্ষে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থাকা সাজা ও মামলার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার জন্য সরকার তাঁদের দেশে ফিরে আসা প্রত্যাশা করে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ইছামতি নদীর ওপর নির্মাণাধীন কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। যাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাঁদের বিচার প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে। তাই যাঁরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাঁদের দেশে ফিরে নিজেদের বিরুদ্ধে থাকা মামলা ও আদালতের দেওয়া সাজার মুখোমুখি হওয়া উচিত। তাঁরা দেশে ফিরে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়ায় অংশ নেবেন-এটাই সরকার প্রত্যাশা করে।
গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ওই সময়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে নানা অপকর্ম, দুর্নীতি, গণহত্যা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ইতোমধ্যে অনেক মামলার রায় হয়েছে এবং কিছু মামলার বিচার কার্যক্রম এখনো চলমান। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের দেওয়া রায় ও বিচারিক সিদ্ধান্ত সরকার এবং বিচার বিভাগ আইন অনুযায়ী কার্যকর করবে।
এর আগে ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ইছামতি নদীর ওপর নির্মিতব্য কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। মুন্সীগঞ্জ (হাতিমারা)-কুন্ডেরবাজার-শ্রীনগর (ছনবাড়ি) জেলা মহাসড়কের ষষ্ঠ কিলোমিটারে সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুটির দৈর্ঘ্য হবে ১৫১ দশমিক ৯০ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩০ মিটার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, সেতুটির নির্মাণকাজ শেষ হলে টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে স্থানীয় কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং রাজধানী ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জের সড়ক যোগাযোগ আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। দীর্ঘদিনের যোগাযোগ সমস্যারও অনেকটা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত একটি সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দেন। টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।