জাতীয়
তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী
খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি কর্মসূচি চালু করেছেন। এ ধরনের উদ্যোগের ফলে নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বৃদ্ধি পাচ্ছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, একসময় ফুটবল ছিল দেশের অন্যতম জনপ্রিয় খেলা। ফুটবল ম্যাচ উপভোগ করতে দর্শকেরা টিকিট কেটে মাঠে আসতেন। পাড়া-মহল্লায় গড়ে উঠেছিল অসংখ্য ফুটবল ক্লাব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফুটবলের সেই ঐতিহ্য ও জনপ্রিয়তা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। বর্তমানে অনেক এলাকায় আগের মতো ক্লাব ও নিয়মিত ফুটবল চর্চা নেই। এ পরিস্থিতি থেকে উত্তরণে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম বাড়াতে হবে।
তিনি আরও বলেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাড়া-মহল্লায় নতুন করে ফুটবল ক্লাব গড়ে তুলতে হবে। বিভিন্ন প্রতিযোগিতায় ভাড়াটিয়া খেলোয়াড়ের ওপর নির্ভর না করে স্থানীয় খেলোয়াড়দের বেশি করে সুযোগ দিতে হবে। এতে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভার বিকাশ ঘটবে এবং তরুণ খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। যথাযথ পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে এসব খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্ত এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে নেওয়া উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সিরাজগঞ্জের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি করার পাশাপাশি নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে সহায়তা করবে। এর মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উল্লাপাড়া উপজেলা একাদশের মুখোমুখি হয় সিরাজগঞ্জ সদর উপজেলা একাদশ। এবারের ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার মোট ১০টি উপজেলা অংশ নিচ্ছে। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা বক্তব্য দেন।