রাজনীতি

উদারতার সুযোগে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন আ.লীগ নেতাকর্মীরা: নুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

উদারতার সুযোগে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন আ.লীগ নেতাকর্মীরা: নুর
ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করছেন। নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

রবিবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বক্তব্যে নুরুল হক নুর বলেন, সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার অনলাইনে যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। বিভিন্ন স্থানে কারা বক্তব্য দিয়েছেন, তাঁদের তালিকা ও অডিও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত ব্যক্তি এবং আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। তাই প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি রাজনৈতিকভাবেও এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

উদারতার সুযোগ নিয়ে কেউ যেন বর্তমান পরিস্থিতির অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। অতীতের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে তাঁদের ওপর যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, তার প্রতিশোধ নিতে তাঁরা একই ধরনের আচরণ করতে চাননি। তবে যারা অতিরিক্ত অন্যায় করেছে, তাদের নিজেদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। প্রকৃতিরও একটি বিচার রয়েছে, যাকে তিনি ‘ন্যাচারাল পানিশমেন্ট’ হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ঢাকায় লোক পাঠানো কিংবা বাস ভাড়া করার মতো কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের ওপর নজরদারি রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণের আহ্বান জানান।

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাব হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।