জাতীয়

অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের অনেক হাসপাতালের খাবারের মান বেশ ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অনেক হাসপাতালের খাবার তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো। তিনি নিজেও বিভিন্ন সময় হাসপাতালের এসব খাবার খেয়ে থাকেন।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের খাবারের মান এবং রোগীদের সেবার পরিবেশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তব্যে হাসপাতালের রোগীদের সঙ্গে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের ভালো আচরণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা উচিত নয়। রোগীদের প্রতি দায়িত্বহীন বা অসৌজন্যমূলক আচরণের জন্য পরকালে জবাবদিহি করতে হবে। তাই চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে।

দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক সময় স্বাস্থ্যখাতের নানা সুযোগ-সুবিধা ও অগ্রগতির কথা তুলে ধরা হয়। তবে বাস্তব পরিস্থিতি সব সময় এসব বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা, দায়িত্ববোধ ও পেশাগত আন্তরিকতা বাড়ানো প্রয়োজন।

তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, স্বাস্থ্যসেবায় অগ্রগতি হয়েছে, তবে বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়েও উদ্বেগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দুই মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের মধ্যে কেউ কেউ মারা যাচ্ছে, আবার অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছে। শিশুদের মধ্যে হামের সংক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।