সারাবিশ্ব

গাজায় ভয়াবহ বন্যা ও ঝড়, ৭০ হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত; আশ্রয়হীন সাড়ে ৩ লাখ ফিলিস্তিনি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

গাজায় ভয়াবহ বন্যা ও ঝড়, ৭০ হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত; আশ্রয়হীন সাড়ে ৩ লাখ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

প্রবল বর্ষণ ও ঝড়ো বাতাসে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাস্তুচ্যুত মানুষের শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। ভারী বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন। টানা দুই বছরের যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির পর শীতের আগমুহূর্তে নতুন করে এই প্রাকৃতিক দুর্যোগ গাজার অসহায় মানুষদের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানিয়েছেন, বৃষ্টিতে তাঁবুগুলো পানিতে ভিজে ও ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৩ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ কার্যত আশ্রয়হীন হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে তাঁবু, শীতবস্ত্র ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠেছে। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ভূমিধসে একটি তাঁবু চাপা পড়ে এক নারী ও চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সার্ভিস। এ ঘটনায় নিখোঁজ অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঝড় শুরু হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ৭০ হাজারের বেশি তাঁবু পানিতে তলিয়ে যায়। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে বিভিন্ন অস্থায়ী আশ্রয়শিবির জলাবদ্ধ ও কাদাপূর্ণ এলাকায় পরিণত হয়। এতে বহু পরিবার তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে বাধ্য হয়। দীর্ঘদিন ধরে অস্থায়ী তাঁবুতে বসবাস করা এসব মানুষের জন্য নতুন করে এই দুর্যোগ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে তারা প্রায় ১ হাজার ৫০০টি সহায়তার আবেদন পেয়েছে। কোনো কোনো এলাকায় বন্যার পানি ১ দশমিক ৫ মিটার পর্যন্ত উঠে গেছে। দীর্ঘদিনের যুদ্ধ ও হামলায় আগে থেকেই দুর্বল হয়ে পড়া বেশ কয়েকটি ভবন ভারী বর্ষণের কারণে ধসে পড়েছে। সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তিনটি পরিত্যক্ত বাড়ি সম্পূর্ণ ধসে পড়লেও এসব ঘটনায় কেউ হতাহত হননি। অন্যদিকে বাস্তুচ্যুত পরিবারগুলো নিজেদের তাঁবু রক্ষায় বালুর বস্তা দিয়ে পানি ঠেকানো, তাঁবুর ভেতরে জমে থাকা পানি সরানো এবং শিশুদের নিরাপদ স্থানে রাখার চেষ্টা করছে।

গাজা সিটির একটি শরণার্থী শিবিরে বসবাসরত বাস্তুচ্যুত নারী অলফাত মাকদুব রয়টার্সকে নিজের দুর্ভোগের কথা জানিয়েছেন। তিনি বলেন, বৃষ্টির প্রথম দিনেই তাঁদের তাঁবু পানিতে ভেসে গেছে। আবার বৃষ্টি হলে তাঁদের কী অবস্থা হবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি আরও জানান, আগের দিনের বৃষ্টিতে তাঁদের তোশক ও বিছানাপত্র সম্পূর্ণ ভিজে গিয়েছিল। ফলে শক্ত মাটির ওপর কম্বল বিছিয়ে দিন কাটাতে হয়েছে। নতুন করে তাঁবুতে পানি ঢুকে বিছানাপত্র ভিজে যাওয়ায় তীব্র শীতের মধ্যে আবারও ভেজা মেঝেতে রাত কাটানোর আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর ভাষায়, প্রবল বাতাস ও তীব্র শীত থেকে সুরক্ষা দেওয়ার মতো সক্ষমতা নেই এসব অস্থায়ী তাঁবুর।

এদিকে জ্বালানি সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে গাজার স্থানীয় পৌরসভা ও উদ্ধারকারী সংস্থাগুলো। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন এলাকায় জমে থাকা পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত স্থানের ধ্বংসস্তূপ সরানোর মতো পর্যাপ্ত সরঞ্জাম কর্তৃপক্ষের হাতে নেই। ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলি সামরিক অভিযানে বুলডোজার, পানি নিষ্কাশন পাম্পসহ শত শত যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। ফলে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

দুর্যোগের ভয়াবহতা তুলে ধরে খালি পায়ে বন্যার পানিতে দাঁড়িয়ে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনি রফিক ঘাত্তাস রয়টার্সকে ক্ষোভের সঙ্গে বলেন, তাঁদের কোনো সম্পদ নেই, পর্যাপ্ত তাঁবুও নেই। এমনকি তাঁদের খোঁজখবর নেওয়ার জন্য কেউ এগিয়ে আসছে না। বিশ্ববাসী কি তাঁদের সন্তানদের ঠান্ডায় জমে যাওয়ার অপেক্ষায় রয়েছে-এমন প্রশ্নও তোলেন তিনি। তাঁর এই বক্তব্য গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর অসহায়ত্ব ও মানবিক সংকটের চিত্র তুলে ধরেছে।

জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে গাজার সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ। তিনি বলেন, গাজায় জরুরি তাঁবু, অস্থায়ী আশ্রয় নির্মাণের উপকরণ এবং পুনর্গঠনের প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের সুযোগ দিতে হবে। তাঁর অভিযোগ, সীমান্ত এলাকায় হাজার হাজার তাঁবু আটকে রাখা হয়েছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ সেগুলো গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। হামাসও ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

অন্যদিকে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক সহায়তা কার্যক্রমের সমন্বয়কারী সংস্থা কোগাট (COGAT) এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে শুক্রবার সংস্থাটি দাবি করেছে, গাজার স্যানিটেশন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে আরও চারটি ভ্যাকুয়াম ট্রাক গাজায় পাঠানো হয়েছে। এর আগে পাঠানো আটটি ট্রাকের সঙ্গে যুক্ত হয়ে নতুন ট্রাকগুলো নর্দমা ও পয়োনিষ্কাশন ব্যবস্থার মেরামত এবং পানি নিষ্কাশনের কাজে সহায়তা করবে।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় পুনর্গঠন কার্যক্রম শুরু হওয়ার আশা তৈরি হয়েছিল। তবে যুদ্ধবিরতির পরও পুনর্গঠন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামাসের অস্ত্রসংবরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা না হওয়ায় গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে ভারী বর্ষণ ও বন্যা গাজার বাস্তুচ্যুত মানুষের সংকট আরও গভীর করেছে। পর্যাপ্ত আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার অভাবে শীত মৌসুম সামনে রেখে সেখানে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।