রাজনীতি
ফ্যাসিবাদের দোসরদের অপচেষ্টা রুখে দেওয়া হবে: রিজভী
ফ্যাসিবাদের দোসরদের সব ধরনের অপচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের জনগণ বারবার নিজেদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করেছে। ভবিষ্যতেও ফ্যাসিবাদের দোসরদের যেকোনো অপচেষ্টা প্রতিহত করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের উদ্যোগে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, একজন হত্যাকারী শেখ হাসিনা হিন্দুস্তান থেকে আবারও ফিরে আসার আওয়াজ দিচ্ছেন। তবে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা চামচা ও তাবেদারদের ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু তিনি জনগণের শক্তি ও ক্ষোভের বিষয়টি বুঝতে পারেননি। এর ফলেই তাঁকে লজ্জাজনক পতনের মুখে পড়তে হয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা জনগণের কাছে স্বাধীনতার চেতনার কথা বললেও কার্যত দিল্লির কাছে কৃতদাসের মতো আচরণ করেছেন। তিনি বলেন, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা একসময় বলেছিলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে নড়াইল থাকবে না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় না থাকায় কি নড়াইলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে? এমন বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক নেতৃত্বের প্রতি ব্যক্তিনির্ভরতার সমালোচনা করেন।
রিজভী বলেন, বাংলাদেশের রাজনীতিতে জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর শাসনামলে বিভিন্ন রাজনৈতিক দলকে আবারও রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে টেলিভিশন ও সংবাদপত্রের সংখ্যা বৃদ্ধি পায় এবং গণমাধ্যমে মতপ্রকাশের সুযোগ সম্প্রসারিত হয়।
তিনি আরও বলেন, জনগণের রাজনৈতিক অধিকার, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবিলা করে দেশে আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওলামা দলের নেতারা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।