জাতীয়

এরদোয়ানের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

এরদোয়ানের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন দুই দেশের শীর্ষ নেতা।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তুরস্কের আনতালিয়ায় অবস্থিত ম্যাক্স রয়্যাল হোটেলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হতে পারে। এ ছাড়া উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পেতে পারে।

৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী হিসেবে সরকারি প্রতিনিধি দলের সদস্যরা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

তিনি আরও জানান, ফ্লাইটটি ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে তুরস্কের আনতালিয়া বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে পারস্পরিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে দুই দেশের মধ্যে নতুন আলোচনা ও উদ্যোগের সম্ভাবনা তৈরি হতে পারে।