জাতীয়
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব বিজিবি সদস্য সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাঁরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, মোতায়েন করা ৩৬ প্লাটুনের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেলের মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।