সারাবিশ্ব
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থিত নিজেদের আরও একটি সামরিক ঘাঁটি থেকে বেশ কয়েকটি বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বিমানঘাঁটি রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) মিলডেনহল থেকে সামরিক বিমান ও জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ (রিফুয়েলিং ট্যাঙ্কার) জার্মানিসহ অন্যান্য সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আরএএফ মিলডেনহল ঘাঁটির ওপর যে নিরাপত্তা হুমকি রয়েছে, সেটি সাধারণ কোনো আশঙ্কা নাকি নির্দিষ্ট কোনো হামলার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। তবে হুমকির প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে মিলডেনহল ঘাঁটি থেকে দুটি জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। পরে দিনের বিভিন্ন সময়ে আরও কয়েকটি রিফুয়েলিং ট্যাঙ্কার ও সামরিক বিমান জার্মানি এবং অন্যান্য সামরিক স্থাপনায় স্থানান্তর করা হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
এদিকে, বিমান সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন কার্যক্রমগত প্রয়োজন এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনায় সামরিক বিমান নিয়মিত এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়ে থাকে। ফলে সাম্প্রতিক এই স্থানান্তরের বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মার্কিন কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, অন্যান্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে যুক্তরাজ্য সাধারণত কোনো মন্তব্য করে না। তবে কার্যক্রমগত প্রয়োজনের কারণে বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়মিত স্থানান্তর করা হয়ে থাকে।
উল্লেখ্য, এর আগেও গত অক্টোবর মাসে ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে নিজেদের বোমারু বিমান সরিয়ে নিয়েছিল মার্কিন বিমানবাহিনী। ওই ঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্ত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়। ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ব্রিটিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অগ্নিসংযোগ ও অন্যান্য হামলার পেছনে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রক্সি গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে। এসব হামলার কয়েকটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট হামলার লক্ষ্যবস্তুর পরিধি আরও বিস্তৃত হতে পারে। এ পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তিনি দাবি করেন, ইরানের আলোচকদের সঙ্গে যুক্তরাষ্ট্র অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলছে এবং দুই দেশের মধ্যকার সংঘাত অবসানের একটি ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, কার্যত যুদ্ধ শেষ হয়ে গেছে।
তবে একদিকে সংঘাত অবসানের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের আশাবাদী বক্তব্য, অন্যদিকে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান সরিয়ে নেওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। যদিও বিমান স্থানান্তরের সঙ্গে ইরানের সম্ভাব্য হামলার সরাসরি সম্পর্কের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।