জাতীয়
অর্জিত দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি
অর্জিত শিক্ষা, জ্ঞান ও দক্ষতাকে দেশ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন বা ডিগ্রি লাভের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং তাঁদের অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে অন্য মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, তার ওপরই সাফল্যের প্রকৃত মূল্যায়ন নির্ভর করে। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব ও বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যাঁদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে এবং জীবনের চাকা ঘোরে, তাঁদের গুরুত্ব দিতে হবে। অর্জিত শিক্ষা ও দক্ষতা দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগাতে হবে।
রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন কেবল সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে এটি নতুন দায়িত্ব গ্রহণের এবং অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।
তিনি আরও বলেন, আজকের সমাবর্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি তাঁদের নতুন দায়িত্বও অর্পণ করছে। কেবল সনদনির্ভর জ্ঞান দিয়ে ব্যক্তি কিংবা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, গভীর দেশপ্রেম, মানবিকতা এবং নৈতিক মূল্যবোধ। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে।
উচ্চশিক্ষার মান ও বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে উচ্চশিক্ষার সাফল্য পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানের সুযোগই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এবং কর্মসংস্থানের প্রচলিত ধারণায় ব্যাপক পরিবর্তন আনছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জীবপ্রযুক্তি ও রোবটিকসসহ বিভিন্ন উদীয়মান প্রযুক্তি কর্মজগতের ধরন বদলে দিচ্ছে। ফলে আজ যে জ্ঞান ও দক্ষতা দিয়ে কাজ করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে সেই কাজের জন্য সম্পূর্ণ নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হতে পারে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিয়মিত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানো এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। তাঁর মতে, শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না; কর্মজীবনে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নিজেদের দক্ষতা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
দেশের শিক্ষাব্যবস্থার অতীত পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিগত দেড় দশকে শিক্ষাক্ষেত্রে নানা অনিয়মের কারণে সম্ভাবনাময় বিশাল এক তরুণ জনগোষ্ঠী হতাশার মধ্যে পড়েছিল। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতো শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল। এর ফলে অনেক মানহীন প্রতিষ্ঠান উচ্চশিক্ষিত বেকার তৈরি করেছে এবং তরুণদের মেধা ও সম্ভাবনার যথাযথ বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। এতে ব্যক্তির পাশাপাশি দেশের সামগ্রিক মেধা ও সম্ভাবনারও অপচয় ঘটেছে। এ অবস্থা থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি বহুধারার শিক্ষাব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশের শিক্ষার মানকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। নিজস্ব শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে বিশ্বের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত অগ্রগতি গ্রহণ করতে হবে।
উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে মনোযোগী হতে হবে। শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্যে শিক্ষাকে সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। তরুণদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তির ব্যবহার অবশ্যই নৈতিকতার ভিত্তিতে হতে হবে। বিশেষ করে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জীবনের প্রতিটি পর্যায়ে সততা ও ন্যায়নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। তাঁদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, ন্যায়নিষ্ঠ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্যের আগে আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লান্ড ডিগ্রি অর্জনের জন্য যোগ্য শিক্ষার্থীদের আচার্যের সামনে উপস্থাপন করেন। পরে আচার্য হিসেবে রাষ্ট্রপতি তাঁদের ডিগ্রি প্রদান করেন। এ ছাড়া আচার্যের পদকপ্রাপ্ত তিন শিক্ষার্থীসহ কৃতিত্বের সঙ্গে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন তিনি।
সমাবর্তন অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।
এর আগে সকাল ১১টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সমাবর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. আইনুন নিশাত।