জাতীয়
বিমানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বহর সম্প্রসারণ ও কার্গো সক্ষমতা বাড়াচ্ছে সরকার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থার সক্ষমতা বাড়াতে উড়োজাহাজের বহর সম্প্রসারণ, প্রয়োজন অনুযায়ী উড়োজাহাজ লিজ নেওয়া এবং কার্গো পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক এভিয়েশন খাতে বিনিয়োগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন, লিজিং এবং এভিয়েশন সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক পর্যায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যের বিষয়গুলো তুলে ধরেন। বাংলাদেশের এভিয়েশন খাতে সম্ভাবনাময় বিনিয়োগের ক্ষেত্র নিয়েও আলোচনা করেন তিনি।
মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও শক্তিশালী, আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ইতোমধ্যে উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন উড়োজাহাজ সরবরাহে যে সময় প্রয়োজন হবে, সেই মধ্যবর্তী সময়ে পরিচালনাগত চাহিদা পূরণে প্রয়োজনীয় উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে।
তিনি আরও বলেন, উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে শুধু আর্থিক বিষয় নয়, বরং ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাস, কারিগরি সক্ষমতা এবং পরিচালনাগত বিভিন্ন দিক যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে। উড়োজাহাজের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গো বা আকাশপথে পণ্য পরিবহনের চাহিদার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান বহরে থাকা দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটার বা সম্পূর্ণ পণ্য পরিবহনের উপযোগী উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কার্গো পরিবহনে সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানো গেলে বাংলাদেশের রপ্তানিমুখী পণ্য আন্তর্জাতিক বাজারে আরও সহজে ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বিদেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান চাহিদা পূরণ, কার্গো ব্যবস্থাপনার উন্নয়ন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাইবারি গ্রুপের বিনিয়োগ প্রস্তাবের বিষয়ে মন্ত্রী জানান, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এভিয়েশন খাতের উন্নয়ন, উড়োজাহাজ লিজিং কিংবা কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এ ক্ষেত্রে দেশের স্বার্থ, আর্থিক সম্ভাব্যতা এবং দীর্ঘমেয়াদি সুফলকে প্রাধান্য দেওয়া হবে।
সাক্ষাৎকালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা, উড়োজাহাজ ক্রয় ও লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহন ব্যবস্থার সম্প্রসারণ নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সহযোগিতা গড়ে উঠলে দেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার নতুন সুযোগ তৈরি হতে পারে।