জাতীয়

বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের প্রচলিত পাসপোর্ট আইন অনুযায়ী, দণ্ডিত এবং নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে যাওয়া কোনো ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই। সে অনুযায়ী শেখ হাসিনার ক্ষেত্রে নতুন করে পাসপোর্ট ইস্যু করতে পারবে না বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদে পাসপোর্ট ইস্যু না করার বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। এই বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং তাঁর সাজা কমপক্ষে দুই বছর হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তাঁকে পাসপোর্ট দিতে পারে না। এ ছাড়া একই আদেশের ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে।

শেখ হাসিনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তাঁর দাবি, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। এ কারণে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা সম্মিলিতভাবে বিবেচনা করলে দণ্ডিত ব্যক্তিকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।

সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা উল্লেখ থাকলেও এ অধিকার দণ্ডিত বা বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় অন্যান্য আইনি কার্যক্রম গ্রহণের পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদের ‘ই’ উপধারা অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেলে কিংবা পলাতক থাকলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে নতুন করে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত ভিত্তি নেই বলে মনে করেন তিনি।

এদিকে শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার ভারতের দূতাবাসে পাসপোর্টের আবেদন করেছে বলে যে তথ্য সামনে এসেছে, সে বিষয়েও প্রশ্ন তোলেন আমিনুল ইসলাম। তাঁর ভাষ্য, পাসপোর্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। কিন্তু শেখ হাসিনা নিজে কিংবা তাঁর দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। বরং লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার তাঁর পক্ষে আবেদন করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর প্রশ্ন তুলে বলেন, ভারতে অবস্থানরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার কীভাবে পাসপোর্টের আবেদন করছে, তা স্পষ্ট নয়। শেখ হাসিনার সঙ্গে ওই আইনজীবী প্রতিষ্ঠানের কী ধরনের আইনি চুক্তি রয়েছে, সেটিও প্রকাশ করা হয়নি। ক্লায়েন্টের সঙ্গে যথাযথ চুক্তি না থাকলে ওই চেম্বার কীভাবে তাঁর পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকারের প্রণীত আইন। এই আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। তাঁর মতে, কোনো দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা চলমান বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক হবে এবং বিচারের ক্ষেত্রে রাষ্ট্রের সঙ্গে এক ধরনের প্রতারণার শামিল হবে।