সারাদেশ
নওগাঁয় মধ্যরাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরে বাইপাস গাবতলী মোড় নামক স্থানে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় বাস দুটিতে কোন চালক বা হেলপার ছিলো না। আশপাশেও সন্দেহজনক কাউকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বাস দুটির ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থালে ছুটে যায় পুলিশ। তবে এটি কোন দুর্বৃত্তের দেয়া আগুন নয়। মূলত কয়েলের আগুন থেকে এমনটি ঘটেছে বলে দাবি ওসির। বাস দুটির ভেতর কেউ ঘুমিয়ে ছিল কি না এমন প্রশ্নে ওসি জানান বিস্তারিত ওই সময়ের দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিস ইউনিটটি ভালো বলতে পারবেন।
ঘটনার বিষয়ে নওগাঁ ফায়ার স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার রুহুল আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পান তারা। এরপর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাস দুটির অনেক বড় অংশই পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছুই বলতে পারেনি ফায়ার সার্ভিস।