সারাদেশ
ইবির ৩৫ শিক্ষার্থীকে বহনকারী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী ‘দিগন্ত’ নামের একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে চলন্ত বাসটিকে লক্ষ্য করে ছোড়া বস্তুটি গায়ে না লেগে সড়কে ছিটকে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা ৩৫ শিক্ষার্থী। এ ঘটনায় কেউ হতাহত না হলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (তারিখ) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর এলাকায় ড্রাগন বাগানের সামনে এ ঘটনা ঘটে।
বাসে থাকা শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঝিনাইদহের আরাপপুর এলাকা থেকে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে ‘দিগন্ত’ নামের বাসটি। পথে শৈলকুপার ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজ চলমান থাকায় দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস। পরে যানজট কমে গেলে অন্য বাসগুলো সামনে এগিয়ে গেলেও কিছুটা পেছনে পড়ে যায় দিগন্ত।
একপর্যায়ে বাসটি চাঁদপুর এলাকার ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই হেলমেটধারী ব্যক্তি বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করেন। তবে চলন্ত বাসটিতে সেটি আঘাত করতে ব্যর্থ হয় এবং সড়কের ওপর ছিটকে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত বাসটির গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসে থাকা ৩৫ শিক্ষার্থী।
বাসচালক বোরহান উদ্দিন জানান, ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়েছিল তাঁদের। যানজট ছাড়ার পর বাস নিয়ে সামনে এগোতে থাকেন তিনি। চাঁদপুর এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি আগুনের মতো কিছু একটা বাস লক্ষ্য করে ছুড়ে মারেন। তবে সেটি বাসে না লেগে সড়কে পড়ে যায়। পরে তিনি দ্রুত বাস নিয়ে সেখান থেকে চলে যান।
বাসে থাকা আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই সেটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। অল্পের জন্য তাঁরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় বাসে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
একই বাসের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান জানান, মোটরসাইকেলটিতে দুজন আরোহী ছিলেন। তাঁদের দুজনের মাথাতেই হেলমেট ছিল। তাঁদের একজন বাস লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তুটি নিক্ষেপ করেন। তবে মোটরসাইকেলটির নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার পরপরই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের বাসে নাশকতার চেষ্টার ঘটনায় রেজিস্ট্রারকে শৈলকুপা থানায় মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঝিনাইদহ ও কুষ্টিয়ার পুলিশ সুপারদের বিষয়টি অবহিত করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, নিষিদ্ধ ছাত্রসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।