জাতীয়
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে: তথ্য উপদেষ্টা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির আশ্রয় নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তিই হবে প্রত্যাবাসনের প্রক্রিয়া।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে অনুরোধ জানিয়ে একটি আবেদন করা হয়েছে-এমন প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁর কিছু মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, যা বাংলাদেশের সংবিধানেও উল্লেখ রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি তাঁর কোনো কৌশল কি না, তা সরকার খতিয়ে দেখবে। তবে এ বিষয়ে তিনি স্পষ্ট করে জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি আইনজীবী প্রতিষ্ঠান বা ল ফার্মের মাধ্যমে এ-সংক্রান্ত অনুরোধ জানানো হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, তাঁকে কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, সেটিই এখানে গুরুত্বপূর্ণ বিষয়। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
সংবাদ সম্মেলনে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি জানান, গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। এ বিষয়ে সরকারের কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন বন্ধ করেনি।’ এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকার খুব দ্রুত তাদের আইনের আওতায় আনবে।
সংবাদ সম্মেলনে সরকারের চলমান কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ এবং শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তথ্য উপদেষ্টা।