জাতীয়
জলবায়ু সংকট মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ এবং কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, জলবায়ু সংকটের ক্ষতিকর প্রভাব থেকে ঝুঁকিতে থাকা দেশগুলোর জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত নীতিগত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত একটি উচ্চপর্যায়ের নীতিসংলাপে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক এ সংলাপের আয়োজন করা হয়। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পানিসম্পদের ন্যায্য ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। এর ফলে দেশের সুপেয় পানির প্রাপ্যতা, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের সংকট মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলো এবং জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো সম্মিলিতভাবে আন্তর্জাতিক ফোরামগুলোতে নিজেদের দাবি, সমস্যা ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা এবং খাদ্যনিরাপত্তা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব। অভিন্ন স্বার্থ রক্ষায় এসব দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এ নীতিসংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় সংলাপটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন। তিনি বাংলাদেশের পানি সংকট, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে বিদ্যমান বৈষম্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এ পরিস্থিতিতে আন্তঃসীমান্ত নদীগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা, সমন্বয় এবং দীর্ঘমেয়াদি নীতিগত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
সংলাপে তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জলবায়ু অর্থায়ন যেন কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সে জন্য অর্থায়ন ব্যবস্থার দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
অন্যদিকে, ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। তিনি গবেষণালব্ধ তথ্য ও বৈজ্ঞানিক বিশ্লেষণকে নীতিনির্ধারণ এবং বাস্তবভিত্তিক বিনিয়োগ পরিকল্পনায় যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ রক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর পানির অধিকার ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর জোর দেন তিনি।
সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পানিসম্পদের ন্যায্য বণ্টন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা উঠে আসে।