জাতীয়
জুলাই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে যে আইন প্রণয়ন করা হয়েছিল, বর্তমানে সেই আইনেই দলটির নেতাকর্মীদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিজেদের তৈরি আইনের বিধানের মধ্যেই এখন তারা আটকে পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারসংক্রান্ত আইনটি আওয়ামী লীগ সরকারের আমলেই প্রণীত হয়েছিল। ওই আইনের ৪৭(এ) অনুচ্ছেদে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সাধারণ নাগরিকদের মতো কিছু আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের কথা উল্লেখ রয়েছে। ফলে নিজেদের প্রণীত আইনের বিধানের কারণেই বর্তমানে তাদের বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং পলাতক ব্যক্তিদের দেশে ফেরা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ব্যক্তি দেশে ফিরছেন কিংবা তাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে-এ ধরনের গুঞ্জননির্ভর সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। ফ্যাসিবাদের প্রশ্নে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যমান স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি স্তরের পাশাপাশি ‘স্বনির্ভর গ্রাম সরকার’ ব্যবস্থা পুনঃপ্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে গ্রাম পর্যায়ে স্থানীয় সমস্যা সমাধান ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ২০০৩ সালে বেগম খালেদা জিয়ার সরকার স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করে। তবে ২০০৯ সালে আইনটি বাতিল করা হয়। নতুন করে এই ব্যবস্থা চালু করা সম্ভব হলে গ্রামের ছোটখাটো বিরোধ, সামাজিক সমস্যা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন জটিলতা সহজেই নিষ্পত্তি করা যাবে। এতে সাধারণ মানুষকে প্রতিটি সমস্যার সমাধানের জন্য উপজেলা কিংবা জেলা পর্যায়ে ছুটতে হবে না।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচটি সম্ভাব্য ধাপে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনের তফসিল ১০ ডিসেম্বর ঘোষণা এবং ভোটগ্রহণ ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় ধাপের নির্বাচন ৪ অথবা ৬ ফেব্রুয়ারি আয়োজনের সম্ভাবনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও বিভিন্ন পাবলিক পরীক্ষা শেষ হওয়ার পর এপ্রিল ও মে মাসের ২৭ তারিখের মধ্যে বাকি ধাপগুলোর নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদানের পাশাপাশি আর্থিক সহায়তার ঘোষণা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি তাঁর ঐচ্ছিক তহবিল থেকে জীবিত ও মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের ১৩টি পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির চিকিৎসা তহবিল গঠনের জন্য আরও এক লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন তিনি।
বগুড়া প্রেসক্লাবের ঐক্য ও সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় একাধিক প্রেসক্লাব থাকলেও বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতৃত্বে এখানকার প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পরিচালিত হচ্ছে। এটি অন্যদের জন্য একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এ সময় ‘উত্তরবঙ্গ’ শব্দটির পরিবর্তে ‘উত্তর অঞ্চল’ শব্দটি ব্যবহারের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বগুড়ার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্য ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দেওয়া হয়েছে।
বগুড়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আতিকুর রহমান রুমন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। তাই উন্নয়নের স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৪ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের মধ্যে আটজনকে মরণোত্তর এবং ছয়জনকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন-আমানুল্লাহ খান, জাহিদুর রহমান জাদু, খন্দকার আব্দুর রহিম, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লিমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মহন্ত শানু ও ইকবাল মুর্শেদ রিপন।
অন্যদিকে আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত পশিমুর রহমান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বোগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান সুমন।