সারাবিশ্ব

মার্কিন সামরিক ঘাঁটিই এখন নিরাপত্তার ঝুঁকি, ইরানের হামলার পর উদ্বেগে ওয়াশিংটনের মিত্ররা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

মার্কিন সামরিক ঘাঁটিই এখন নিরাপত্তার ঝুঁকি, ইরানের হামলার পর উদ্বেগে ওয়াশিংটনের মিত্ররা
ছবি: সংগৃহীত

দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো দেশটির বৈশ্বিক সামরিক আধিপত্য ও প্রভাব বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। একই সঙ্গে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য এসব ঘাঁটি ছিল নিরাপত্তার অন্যতম প্রধান নিশ্চয়তা। তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একের পর এক হামলা এবং যুক্তরাজ্য পর্যন্ত হামলার হুমকি ছড়িয়ে পড়ায় সেই নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মিত্র দেশগুলোর মধ্যে এখন উদ্বেগ তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কি সত্যিই তাদের নিরাপত্তা নিশ্চিত করছে, নাকি উল্টো তাদের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে?

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওয়াশিংটন কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান সরিয়ে নিচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং বিদেশের মাটিতে স্থাপিত ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে গত অক্টোবরে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে ১২টি বি-১ ল্যান্সার বোমারু বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। একইভাবে চলতি মাসে ব্রিটেনের আরেকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আরএএফ মিলডেনহল থেকেও ১২টি বিমান সরিয়ে নেওয়া হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোর ওপর হামলার ঝুঁকি বাড়তে থাকায় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও বিমানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকা দেশগুলোও এখন বাড়তি নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছে। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় সামরিক ঘাঁটির পাশাপাশি বিভিন্ন ভবন, যোগাযোগব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

পেন্টাগনের একটি নজরদারি প্রতিবেদনে এসব সামরিক স্থাপনার শত শত ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা সম্পূর্ণ ধ্বংস হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। এতে স্পষ্ট হয়েছে, আধুনিক যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো সামরিকভাবে শক্তিশালী দেশের স্থাপনাগুলোও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বাইরে নয়। বিশেষ করে তুলনামূলক কম খরচে তৈরি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ব্যয়বহুল মার্কিন সামরিক অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

এ পরিস্থিতির সবচেয়ে বড় প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর। যেসব দেশ নিজেদের নিরাপত্তা জোরদার করার আশায় মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছিল, তারাই এখন পাল্টা হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। অথচ ইরানের সঙ্গে সংঘাতের সিদ্ধান্ত কিংবা সরাসরি সামরিক অভিযানে এসব দেশের অনেকেরই প্রত্যক্ষ ভূমিকা ছিল না। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি তাদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা হওয়ার পরিবর্তে নতুন করে যুদ্ধের ঝুঁকি তৈরি করছে কি না, তা নিয়ে রাজনৈতিক ও কৌশলগত পর্যায়ে উদ্বেগ বাড়ছে।

ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন মাবনের মতে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা এখন মিত্র দেশগুলোর জন্য দ্বিমুখী তলোয়ারে পরিণত হচ্ছে। অর্থাৎ একদিকে মার্কিন সামরিক শক্তির উপস্থিতি সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করছে, অন্যদিকে সেই উপস্থিতিই সংশ্লিষ্ট দেশগুলোকে শত্রুপক্ষের হামলার ঝুঁকিতে ফেলছে। বিশেষ করে আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিস্তার বিদেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকে আরও কঠিন করে তুলেছে।

বিশ্লেষকদের ধারণা, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে উপসাগরীয় ও ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক এবং নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি রাখার বিষয়টি নতুন করে মূল্যায়ন করতে পারে। সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা নিশ্চয়তা ও কৌশলগত অংশীদারত্বের পাশাপাশি এসব ঘাঁটির কারণে সৃষ্ট সম্ভাব্য অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাঝুঁকিও তাদের বিবেচনায় নিতে হবে।

তবে বিদেশের মাটিতে সামরিক ঘাঁটির ওপর নির্ভরতা পুরোপুরি ছেড়ে দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। বিশ্বের বিভিন্ন অঞ্চলে দ্রুত সামরিক অভিযান পরিচালনা, যুদ্ধবিমান ও নৌবাহিনীর কার্যক্রম সচল রাখা এবং কৌশলগত প্রভাব বজায় রাখতে বিদেশি ঘাঁটিগুলো ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে একদিকে মিত্রদের নিরাপত্তা উদ্বেগ কমানো, অন্যদিকে নিজেদের বৈশ্বিক সামরিক সক্ষমতা ধরে রাখা-এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।