সারাদেশ
এক মোটরসাইকেলে তিন বন্ধু, গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর
একসঙ্গে চলাফেরা, একসঙ্গে পড়ালেখা-বন্ধুত্বের বন্ধনও ছিল বেশ গভীর। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে প্রাইভেট পড়া শেষে একই মোটরসাইকেলে করে এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল তিন বন্ধু। কিন্তু পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই বন্ধু। গুরুতর আহত অপর বন্ধুও কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যায়। একই দিনে তিন বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিক্ষার্থী হলো-সায়মন ইসলাম সাদিক (১৬), রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) ও ফজলে রাব্বি শাহ (১৭)। তারা সবাই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একই মোটরসাইকেলে করে তাদের এক বন্ধুর বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সায়মন ইসলাম সাদিক ও রেদওয়ানুল হোসেন রাহাতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত ফজলে রাব্বি শাহকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় একই দিনে তিন বন্ধুরই মৃত্যু হলো।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব বলেন, দুর্ঘটনায় আহত তিন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।
তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মফিজ উদ্দীন বলেন, নিহত তিনজন খুব ভালো বন্ধু ছিল। তারা একসঙ্গে পড়ালেখা করত এবং সব সময় একসঙ্গে চলাফেরা করত। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এ বিষয়ে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, নিহত দুই শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি তিনি তখনো অবগত ছিলেন না বলে জানান।