সারাবিশ্ব
অসুস্থ স্ত্রীকে রেখে বিদেশে যেতে অনীহা, বিমান ছিনতাইয়ের ভুয়া হুমকি দিয়ে গ্রেপ্তার ভারতীয় যাত্রী
অফিসের কাজে বিদেশে যেতে অনীহা ছিল তাঁর। অসুস্থ স্ত্রীকে কলকাতায় রেখে বিদেশে যেতে চাননি তিনি। আর সেই বিদেশযাত্রা এড়াতেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিনতাইয়ের ভুয়া হুমকি দিয়ে ফ্লাইট বাতিলের চেষ্টা করেন। এ ঘটনায় পার্থপ্রতিম নন্দী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ। তিনি উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির বাসিন্দা।
গতকাল বুধবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ২৭৭২ ফ্লাইটটির। উড্ডয়নের প্রস্তুতির সময় বিমানটির শৌচাগার থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। এতে উল্লেখ করা হয়, বেলা ১১টা ১০ মিনিটে বিমানটি ছিনতাই করা হবে। ওই ফ্লাইটে ১০৫ জন যাত্রী ছিলেন। হুমকির বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বিমানবন্দরজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
বিষয়টি পাইলটের পক্ষ থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানানো হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে বিমানের সব যাত্রীকে নামিয়ে সেটিকে বিমানবন্দরের আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছান বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা। তাঁদের সঙ্গে ছিল প্রশিক্ষিত কুকুর এবং বোমা নিষ্ক্রিয়করণ দল। বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর পুরো বিমানজুড়ে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।
প্রায় সাত ঘণ্টা ধরে চলে নিরাপত্তা তল্লাশি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। তবে শেষ পর্যন্ত বিমান ছিনতাইয়ের হুমকিকে ভুয়া বলে নিশ্চিত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে বিমানে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে সব ধরনের নিরাপত্তা পরীক্ষা শেষ করে বিকেল ৫টা ৩৮ মিনিটে ১০৫ জন যাত্রী নিয়ে মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।
এদিকে ভুয়া হুমকির উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেন নিরাপত্তা কর্মকর্তারা। তদন্তের অংশ হিসেবে বিমানে থাকা যাত্রীদের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। সেগুলো চিরকুটে লেখা বার্তার সঙ্গে মিলিয়ে দেখার একপর্যায়ে সন্দেহের তালিকায় উঠে আসে পার্থপ্রতিম নন্দীর নাম। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অফিসের কাজে আফ্রিকা মহাদেশের একটি দেশে যাওয়ার কথা ছিল পার্থপ্রতিমের। তবে ব্যক্তিগত কারণে তিনি ওই সফরে যেতে রাজি ছিলেন না। বিশেষ করে ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে কলকাতায় রেখে বিদেশে যেতে চাইছিলেন না তিনি। ধারণা করা হচ্ছে, অফিসের নির্দেশে বিদেশযাত্রা এড়াতে পরিকল্পিতভাবে বিমানে ছিনতাইয়ের ভুয়া হুমকি দেন তিনি। এর মাধ্যমে ফ্লাইট বাতিল বা যাত্রা বিলম্বিত করাই ছিল তাঁর উদ্দেশ্য।
তদন্তকারীরা জানিয়েছেন, পার্থপ্রতিম নিজের মানিব্যাগের ভেতরে রাখা একটি ছোট কাগজে বড় হাতের ইংরেজি অক্ষরে বা ব্লক লেটারে ছিনতাইয়ের হুমকিবার্তাটি লিখেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলেও জানা গেছে। তবে তাঁর দেওয়া বক্তব্যের সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া ঘটনার বিস্তারিত জানতে পার্থপ্রতিমের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। কেন তিনি এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন এবং এর পেছনে তাঁর ব্যক্তিগত পরিস্থিতি কতটা প্রভাব ফেলেছে, তা জানার চেষ্টা চলছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে।