সারাবিশ্ব
মধ্যপ্রাচ্যের সংঘাতের শঙ্কায় বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। দিনের শুরুতে এশিয়ার বাজারে দরপতন দেখা গেলেও পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তন হয়। সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘুরে দাঁড়ায় তেলের বাজার।
বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৩২ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিট) এ দাম রেকর্ড করা হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের আরেকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ৮৬ ডলার ৮০ সেন্টে পৌঁছায়।
এর আগে দিনের প্রথম ভাগে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই-উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমে গিয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এর প্রভাবে বাজারে ক্রেতাদের সক্রিয়তা বাড়ে এবং তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বর্তমানে এক ধরনের ‘যুদ্ধও নেই, শান্তিও নেই’ পরিস্থিতি বিরাজ করছে। একদিকে আঞ্চলিক দেশগুলোতে তেল উৎপাদন ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে, অন্যদিকে সংঘাতের আশঙ্কা ও কূটনৈতিক অচলাবস্থা জ্বালানি সরবরাহের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। ফলে উৎপাদন বাড়ার ইতিবাচক খবর থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে স্থিতিশীলতা ফিরছে না।
এ বিষয়ে সাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছি, যেখানে যুদ্ধও নেই, শান্তিও নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকলেও এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন পুনরুদ্ধারের সুযোগ তৈরি করছে।’
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল উৎপাদন স্বাভাবিক ধারায় ফিরতে থাকলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়তে পারে। এতে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হওয়ার কথা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ায় সেই সম্ভাবনা পুরোপুরি কাজে আসছে না। বরং নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাজারের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদন কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং আন্তর্জাতিক পরিবহনপথ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। পরিস্থিতির আরও অবনতি হলে তেল উৎপাদন ও পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি না হলে কিংবা সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন পুনরুদ্ধারের ইতিবাচক পরিস্থিতি এবং যুদ্ধের আশঙ্কাজনিত সরবরাহ উদ্বেগ-এই দুই বিপরীতমুখী প্রভাবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। ফলে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অগ্রগতি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং তেল উৎপাদন ও সরবরাহের গতিপ্রকৃতির ওপরই নির্ভর করবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ভবিষ্যৎ গতিপথ।