সারাদেশ

কেরুর বিএমআর প্রকল্পে স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

কেরুর বিএমআর প্রকল্পে স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সুগার ইউনিটের বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) প্রকল্পে স্পেয়ার পার্টস কেনাকে কেন্দ্র করে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। 

প্রকল্পের কাজ শেষ হওয়ার পর স্পেয়ার পার্টস কেনার জন্য প্রথমে তিন কোটি টাকার প্রস্তাব পাঠানো হলেও মাত্র ১০ দিনের ব্যবধানে তা বাড়িয়ে ছয় কোটি টাকা করা হয়। একই সঙ্গে প্রকল্পের দুই বছরের ওয়ারেন্টি চলাকালে নতুন করে যন্ত্রাংশ কেনার উদ্যোগ এবং উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে অনুমোদন নেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।


অভিযোগ রয়েছে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্ম সচিব মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি চক্র এই ক্রয়প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের যোগসাজশের অভিযোগও উঠেছে। বিষয়টি তদন্তের দাবি জানিয়ে শিল্প সচিবের দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, নানা প্রতিকূলতা পেরিয়ে কেরুর সুগার ইউনিটের বিএমআর প্রকল্পের কাজ শেষ হয়। ২০২৫-২৬ মাড়াই মৌসুমের শেষ পর্যায়ে বর্ধিত সক্ষমতায় চিনি উৎপাদনও শুরু হয়। তবে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সরবরাহ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল থেকে স্পেয়ার পার্টসের মূল্য বাবদ ২ কোটি ৫৪ লাখ টাকা কেটে রাখা হয়।

এ অবস্থায় ওই যন্ত্রাংশের জন্য প্রথমে তিন কোটি এবং পরে ছয় কোটি টাকা বরাদ্দ চাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের দাবি, ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ না থাকলেও নতুন করে স্পেয়ার পার্টস কেনার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে গত ১৮ আগস্ট কেরু কর্তৃপক্ষ সদর দপ্তরে তিন কোটি টাকার একটি প্রস্তাব পাঠায়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে ৩১ আগস্ট আবার ছয় কোটি টাকার সংশোধিত প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাব পাঠাতে বিলম্বের অভিযোগে কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহাকে শোকজ করা হয়। 

এদিকে বিএমআর প্রকল্পের কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হয়েছে। চুক্তি অনুযায়ী প্রকল্পের যন্ত্রপাতিতে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে। ফলে এ সময়ের মধ্যে যন্ত্রপাতিতে কোনো ত্রুটি দেখা দিলে তা মেরামত বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। এমন পরিস্থিতিতে টেকনিক্যাল টিমের সুপারিশ ছাড়াই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে স্পেয়ার পার্টস কেনার উদ্যোগ কেন নেওয়া হচ্ছে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, মাড়াই কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কিছু যন্ত্রাংশ প্রয়োজন হতে পারে। তবে ওয়ারেন্টির শর্ত, বর্তমান মজুত এবং প্রকৃত চাহিদা যাচাই না করে কেনাকাটা করা হলে সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ প্রকৌশলী বলেন, “তিন কোটি টাকার প্রস্তাব কী কারণে ছয় কোটি টাকায় উন্নীত হলো, সে বিষয়ে সদর দপ্তর থেকে যথাযথ ব্যাখ্যা চাওয়া হয়নি। তালিকার কিছু যন্ত্রাংশ আগামী পাঁচ থেকে সাত বছরেও প্রয়োজন নাও হতে পারে।”

কেরুর চাহিদা অনুযায়ী যন্ত্রাংশের তালিকা পাওয়ার কথা স্বীকার করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক। তবে তিনি জানিয়েছেন, তালিকাটি এখনো যাচাই করা হয়নি।

অভিযোগ রয়েছে, কেরু কর্তৃপক্ষের পাঠানো প্রস্তাব যথাযথভাবে যাচাই না করেই করপোরেশনের বোর্ডকে পাশ কাটিয়ে জিটুজি (সরকার-টু-সরকার) পদ্ধতির যুক্তি দেখিয়ে ডিপিএম পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন নেওয়া হয়েছে।


সংশ্লিষ্টদের দাবি, প্রস্তাবিত যন্ত্রাংশ বিএমটিএফ কিংবা মূল প্ল্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান তৈরি করে না। সাব-কন্ট্রাক্টর নিউটেক ইন্টারন্যাশনালের স্থানীয় বাজার থেকে এসব যন্ত্রাংশ সংগ্রহ করে সরবরাহ করার কথা। এ প্রক্রিয়ায় নিউটেক ইন্টারন্যাশনাল ও প্রতিষ্ঠানটির পরিচালক মো. সাইদুর রহমানের যোগসাজশের মাধ্যমে ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে শিল্প সচিবের দপ্তরে একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।


করপোরেশনের উৎপাদন ও প্রকৌশল বিভাগের পরিচালক মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে কারিগরি অনুমোদনের জন্য তিন শতাংশ পর্যন্ত কমিশন দাবির অভিযোগ উঠেছে। কয়েকজন ঠিকাদারের দাবি, দাবিকৃত অর্থ দিতে না চাইলে বিভিন্ন অজুহাতে তাঁদের ফাইল আটকে রাখা হয়।


অভিযোগের বিষয়ে মো. সাইদুর রহমান বলেন, বোর্ডসহ ঊর্ধ্বতন পর্যায়ের পরামর্শেই ডিপিএম পদ্ধতিতে ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে করপোরেশনের অপর এক পরিচালক দাবি করেছেন, এ বিষয়ে বোর্ডে কোনো আলোচনা হয়নি।


নিউটেক ইন্টারন্যাশনালের সঙ্গে যোগসাজশের মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাইদুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। একই সঙ্গে তিন কোটি টাকার প্রস্তাব কীভাবে ছয় কোটি টাকায় উন্নীত হয়েছে, সে বিষয়েও তাঁর জানা নেই বলে জানান।


এদিকে কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, স্পেয়ার পার্টস কেনার বিষয়ে সবকিছু সদর দপ্তর তথা প্রকৌশল শাখার নির্দেশনা অনুযায়ী করা হয়েছে।


তবে কেরুর যান্ত্রিক বিভাগের দায়িত্বে থাকা ইসমাইল হোসেন মোল্লা বলেন, প্রথমে আনুমানিক মূল্য ধরে তিন কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। পরে হেড অফিসের প্রতিনিধি, কারখানার প্রতিনিধি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একসঙ্গে বসে যন্ত্রাংশের দাম যাচাই করেন। সব খরচ যুক্ত করে ছয় কোটি টাকার প্রস্তাব করা হয়।


তবে টেকনিক্যাল কমিটির মাধ্যমে যন্ত্রাংশের মূল্য ও প্রয়োজনীয়তা যাচাই না করে তিন পক্ষের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে মূল্য নির্ধারণের কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে চাননি।

বিএমআর প্রকল্পের স্পেয়ার পার্টস কেনাকাটায় ওঠা অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানিয়ে ইতোমধ্যে শিল্প সচিবের দপ্তরে লিখিত চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির একটি অনুলিপিও পাওয়া গেছে।


সংশ্লিষ্টদের মতে, পুরো ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে তিন কোটি থেকে ছয় কোটি টাকা করার কারণ, প্রকৃত যন্ত্রাংশের চাহিদা, বাজারদর, প্রকল্পের ওয়ারেন্টির শর্ত, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা এবং ডিপিএম পদ্ধতিতে অনুমোদন নেওয়ার প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট সব নথি পর্যালোচনা করা প্রয়োজন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হলে সরকারি অর্থের সম্ভাব্য অপচয় রোধ এবং প্রকৃত অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।

এ বিষয়ে কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, পার্টসগুলো এখনো কেনা হয়নি। এটা ১২ বছর আগের প্রস্তাব ছিল। তখন ভ্যালুয়েশন করা ছিল ৩ কোটি। এখন নতুন করে ভ্যালুয়েশন করে ৬ কোটি করা হয়েছে। 

যেহেতু ডলারের দাম বেড়েছে। যন্ত্রাংশের দামও বেড়েছে। এজন্য নতুন ভ্যালুয়েশনে দ্বিগুণ কা হয়েছে। আমরা সদর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছি। এটা যাচাই-বাছাই হবে।  বোর্ড সভায় অনুমোদন হবে। তারপর কেনা হবে। 

কেরু বিএমআর প্রকল্পের প্রাক্তন প্রকল্প পরিচালক ফিদা হাসান বাদশা বলেন, চিনিকলগুলোর পার্টস কেনা-কাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন অর্থের অপচয়,  তছরুপ না হয়। তাহলে প্রতিষ্ঠান বাঁচবে, চিনি শিল্প বাঁচবে।