জাতীয়

শেখ হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

শেখ হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে আফ্রিকার কোনো দেশও রাজি হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বিভিন্ন দেশের পর আফ্রিকার কোনো দেশ থেকেও আশ্রয়ের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন কে এম নাজমুল হক। পোস্টে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে বিভিন্ন দেশের অনাগ্রহের কারণে ভারতের জন্য বিষয়টি ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে।

কে এম নাজমুল হক লিখেছেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতার-এমনকি আফ্রিকার কোনো দেশও গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমশ অস্বস্তিকর ইস্যুতে পরিণত হচ্ছে। শুধু ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন ব্যক্তিকে ভারত কেন দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে, তা নিয়েও প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে বিবিসি বাংলার একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়াই ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত। এ লক্ষ্যে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও এখন পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি। ফলে ভারত মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার সামনে একের পর এক সম্ভাব্য পথ বন্ধ হয়ে আসছে। সর্বশেষ রাজনৈতিক কৌশল হিসেবে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সামনে রেখে বাংলাদেশে ফেরার চেষ্টা করছে শেখ পরিবার। তবে এ প্রচেষ্টায় নেতাকর্মীদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ তুলে কে এম নাজমুল হক অভিযোগ করেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে রাখা হয়েছিল। অন্যদিকে, নিজের পরিবারের সদস্যদের আগেভাগে দেশের বাইরে পাঠিয়ে তিনি নিজেও দেশ ছেড়ে চলে যান। দেশত্যাগের পর শেখ হাসিনার ছেলের একটি বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি। ওই বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়েছিল, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই।’

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের দাবি, ক্ষমতায় থাকাকালে যে পরিবার রাজনৈতিক স্বার্থে নেতাকর্মীদের ব্যবহার করেছে, সংকটের সময় সেই নেতাকর্মীদের পাশে না দাঁড়িয়ে তাদের বিপদের মুখে ফেলে গেছে। এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে আবারও তৃণমূলের নেতাকর্মীদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন, তাদের সতর্ক হওয়ার আহ্বান জানান কে এম নাজমুল হক। তিনি বলেন, যারা দলকে অন্ধভাবে অনুসরণ করে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, তাদের নিজেদের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।