রাজনীতি
সৌদি আরবের পাশে যুদ্ধে নামতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত: হাবিবুল্লাহ মিয়াজি
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে যুদ্ধে অংশ নিতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। তিনি বলেছেন, সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের মুসলমানরা দেশটির পক্ষে লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান সৌদি আরবের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সেই সংহতির বার্তা দেওয়া হচ্ছে। সৌদি সরকার প্রয়োজনে যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পাশে দাঁড়াবেন এবং সহযোগিতায় এগিয়ে আসবেন।
তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। অতীতেও সংকটের সময়ে বাংলাদেশ সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে মক্কার পবিত্র মসজিদুল হারামে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। সে সময় বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করতে ভূমিকা রেখেছিল বলে তিনি উল্লেখ করেন। অতীতের ধারাবাহিকতায় বর্তমানেও বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে বলে মন্তব্য করেন খেলাফত আন্দোলনের আমির।
সৌদি আরবে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ দাবি করে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, জাতিসংঘের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত হুথিদের শনাক্ত করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, প্রয়োজনে সৌদি আরব বাংলাদেশের মুসলমানদের পাশে পাবে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হলে বিভিন্ন দেশের মুসলমানরাও সৌদি আরবের সমর্থনে এগিয়ে আসবেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা সৌদি আরবের পবিত্র নগরীগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।