সারাদেশ
টঙ্গীতে ৩০০ টাকায় ১০ কেজি চাল পেয়ে স্বস্তিতে পোশাকশ্রমিকেরা
বাজারদরের তুলনায় অর্ধেকেরও কম দামে চাল কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন গাজীপুরের টঙ্গীর পোশাকশ্রমিকেরা। বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে ১০ কেজি চাল পাচ্ছেন তাঁরা। এতে ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন শ্রমিকেরা। অথচ খুচরা বাজারে একই পরিমাণ চাল কিনতে ব্যয় করতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। কম দামে চাল পাওয়ায় সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ কিছুটা কমবে বলে আশা করছেন তাঁরা।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় অবস্থিত জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানায় বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন করা হয়। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে।
কর্মসূচির আওতায় চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন কারখানাটির শ্রমিক চাঁন মিয়া। তিনি বলেন, ‘বাজার থেকে এই পরিমাণ চাল কিনতে গেলে ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হতো। অথচ এখানে মাত্র ৩০০ টাকা দিয়ে ১০ কেজি চাল পেয়েছি। এতে ২০০ থেকে ৩০০ টাকা সাশ্রয় হচ্ছে। বেঁচে যাওয়া টাকা দিয়ে পরিবারের জন্য অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারব।’
বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জাবেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল এবং স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথী।
পরে আলোচনা শেষে উপস্থিত শ্রমিকদের হাতে চাল তুলে দিয়ে বিশেষ ওএমএস কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সংশ্লিষ্টদের মতে, বাজারমূল্যের তুলনায় কম দামে চাল সরবরাহের এ উদ্যোগ পোশাকশ্রমিকদের নিত্যদিনের ব্যয় সামলাতে কিছুটা সহায়ক হবে।