জাতীয়

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী
ছবি: সংগৃহীত

দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এই নিয়োগের ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, নতুন এসব স্বাস্থ্যকর্মীর মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রম আরও জোরদার হবে।

শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামে লাখ লাখ নারী বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন, যার অনেকগুলোই যথাযথ সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে এড়ানো সম্ভব। কিন্তু স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে এসব রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ নারীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ সম্পর্কে পর্যাপ্ত তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন।

ডা. জুবাইদা রহমান জানান, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা দেশজুড়ে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় তথ্য, রোগ প্রতিরোধের উপায় এবং সচেতনতামূলক কার্যক্রম পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধযোগ্য রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে তাঁদের সম্পৃক্ত করা হবে। সুস্থ ও সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে গবেষণা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জনস্বাস্থ্য উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল মানুষের বাস্তব জীবনে কাজে লাগানো প্রয়োজন। এ ক্ষেত্রে গত ১২ বছর ধরে আইদেশি মানুষের কাছে বৈজ্ঞানিক জ্ঞান ও স্বাস্থ্যসেবার কার্যকর সমাধান পৌঁছে দিতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা প্রশংসার দাবিদার।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে জনস্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্য উন্নয়নে টিকার ব্যবহার। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও বক্তব্য দেন।

আয়োজকরা জানান, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরীর প্রতিষ্ঠিত আইদেশি বৈজ্ঞানিক গবেষণা এবং মানুষের বাস্তব স্বাস্থ্যসেবার চাহিদার মধ্যে ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। ব্যক্তিগত পুরস্কার ও পুরস্কারের অর্থায়নে একটি ছোট গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১০০ জনের বেশি সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও গবেষকের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকীতে প্রতিষ্ঠানটির গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে।

অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা অধ্যাপক ফিরদৌসী কাদরী বলেন, প্রতিষ্ঠানটি থ্যালাসেমিয়া, ক্যানসার শনাক্তকরণ এবং বিভিন্ন জিনগত রোগ নিয়ে গবেষণা করছে। বিশেষ করে জন্মগত বিপাকীয় ত্রুটি শনাক্তকরণসহ জনস্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে আইদেশি। গবেষণাগারের কার্যক্রমের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাঠপর্যায়েও প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাস মহামারির অভিজ্ঞতা তুলে ধরে ফিরদৌসী কাদরী বলেন, মহামারির সময় আইদেশি দ্রুত পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং ভাইরাসের বিভিন্ন ধরন ও পরিবর্তন পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তুলেছিল। ওই অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয়েছে, জনস্বাস্থ্যবিষয়ক জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত গবেষণাগারকর্মী, আধুনিক পরীক্ষার সুযোগ-সুবিধা এবং আগে থেকেই গড়ে তোলা প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার সম্পর্কে তিনি বলেন, মহামারি মোকাবিলার প্রস্তুতি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ প্রতিরোধক্ষমতা, ক্লিনিক্যাল ট্রায়াল এবং বাংলাদেশে নতুন চিকিৎসাপণ্য উদ্ভাবনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ওষুধ ও টিকা উদ্ভাবনের গবেষণাকে আরও দ্রুত ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে আইদেশির।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী চিকিৎসক এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্য খাতের সংস্কার কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে রাখতে হবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং গবেষণা ও উন্নয়নের জন্য টেকসই পরিবেশ তৈরি-এই পাঁচটি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস আইদেশিকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি আণবিক রোগ নির্ণয়, থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ, সংক্রামক রোগ নিয়ে গবেষণা, টিকা গবেষণা এবং জরায়ুমুখ ক্যানসার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তরুণ বিজ্ঞানী ও গবেষকদের দক্ষতা বৃদ্ধিতে আইদেশির প্রশিক্ষণমূলক উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে শুধু চিকিৎসাসেবা সম্প্রসারণই যথেষ্ট নয়; বরং রোগ প্রতিরোধ, গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ওপর সমান গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।