জাতীয়

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকার ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান পেয়েছেন তিনি।

তারেক রহমানের পাশাপাশি এবারের তালিকায় বাংলাদেশের আরও দুজন বিশিষ্ট নারী স্থান পেয়েছেন। তারা হলেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। দুজনকেই ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে রাজনীতি, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে বাংলাদেশের তিন বিশিষ্ট ব্যক্তির অবদান স্বীকৃতি পেয়েছে।

প্রকাশনাটিতে তারেক রহমানের রাজনৈতিক জীবন ও নেতৃত্বের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। সেখানে তাকে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সন্তান। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর সময়ও তিনি বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সক্রিয় ছিলেন।

প্রকাশনাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে দলটি। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের অবসান ঘটে এবং নির্বাচিত সরকারের যাত্রা শুরু হয়।

অন্যদিকে, তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব। তিনি একজন বিশিষ্ট গবেষক, লেখক ও আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে নারীর অধিকার, মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে আসছেন তিনি। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই আন্তর্জাতিক এই তালিকায় তার অবস্থান তৈরি হয়েছে।

এ ছাড়া মানবাধিকারকর্মী ও আইনজীবী রাজিয়া সুলতানাও এবারের তালিকায় স্থান পেয়েছেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষা, বিশেষ করে শরণার্থী নারী ও শিশুদের সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের কাজের মূল্যায়ন হিসেবেই তাকে ‘সোশ্যাল ইস্যুজ’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তার নাম আর দেখা যায়নি। অন্যদিকে, নতুন সংস্করণে বাংলাদেশের তিনজন ব্যক্তিত্ব স্থান পেলেও তাদের কাউকেই নির্দিষ্ট কোনো ক্রমিক অবস্থান দেওয়া হয়নি।

আরআইএসএসসি-এর তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রতিবছর ‘দ্য মুসলিম ৫০০’ তালিকা প্রকাশ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের কর্মকাণ্ড, নেতৃত্ব, সামাজিক অবদান ও আন্তর্জাতিক প্রভাব মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়।

তালিকাটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে কোনো নির্দিষ্ট র‍্যাংকিং ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান, সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। সে হিসাবে ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তারেক রহমান, ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা মূল ৪৫০ জনের র‍্যাংকিংবিহীন তালিকায় স্থান পেয়েছেন।