রাজনীতি

বিএনপি ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে, সম্প্রীতির বাংলাদেশ গড়াই লক্ষ্য: ধর্ম প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

বিএনপি ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে, সম্প্রীতির বাংলাদেশ গড়াই লক্ষ্য: ধর্ম প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। আমরা সবাই বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সম্প্রীতিময় ও উন্নত বাংলাদেশ গড়তে দলটি বদ্ধপরিকর।

শুক্রবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ধর্মীয় সম্প্রীতি ও সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে। মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নেও সমানভাবে বরাদ্দ বণ্টনের নীতি অনুসরণ করা হচ্ছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-এই নীতিকে সামনে রেখেই সরকার পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হন, সে বিষয়েও সরকার সচেতন রয়েছে। একটি অসাম্প্রদায়িক, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিবিবিলা শান্তি বিহারের সাধারণ সম্পাদক রাজিব কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত রত্মানন্দ মহাথের। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও ধর্মীয় নেতারা।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন কঠিন চীবর দানোৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।