রাজনীতি
রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভয় দেখানোর চেষ্টা করে লাভ হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল
১৯৭১ ও ২০২৪ সালে পরাজিত শক্তি আবারও রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। তিনি বলেছেন, রাজপথের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাই রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ হবে না।
শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মীর হেলাল উদ্দিন বলেন, ‘আমি রাজপথ থেকে উঠে এসে আজ এখানে বসেছি। আমরা কেউ হঠাৎ করে এখানে আসিনি। মঞ্চে যারা আছেন, মঞ্চের সামনে ও আশপাশে যারা উপস্থিত রয়েছেন, তাঁরা সবাই রাজপথের পরীক্ষিত সৈনিক। তাই আমাদের রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির ভয় দেখাবেন না। আপনারা যে ধরনের কর্মকাণ্ড করতে চাইছেন, সে ধরনের পরিস্থিতি মোকাবিলার বহু অভিজ্ঞতা আমাদের রয়েছে।’
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা এই যাত্রার সহযাত্রী হোন। আমরা আপনাদের সাদরে গ্রহণ করে একসঙ্গে কাজ করার সুযোগ করে দেব। তবে দেশবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রে জড়াবেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মো. মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব নুর-এ জান্নাত রুমি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার ও শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, রাজীব উদ্দিন আকন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, দুই কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ৪২ মিটার, প্রস্থ ৮ ফুট এবং উচ্চতা ১৮ ফুট। আট মাসের মধ্যে ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। স্থানীয়দের নিরাপদে সড়ক পারাপার এবং যান চলাচল স্বাভাবিক রাখতে অবকাঠামোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।