রাজনীতি
পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী
শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনাকে একজন ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এই আইনের আওতায় দণ্ডিত হওয়ায় শেখ হাসিনার দেশে ফেরা কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।
রিজভী বলেন, মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলায় দণ্ড ঘোষণা করা হয়েছে এবং যেসব মামলা এখনো বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাঁকে ভোগ করতে হবে। আইনের আওতায় হওয়া বিচার ও দণ্ড থেকে তাঁর মুক্তির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর শাহবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
বক্তব্যে শেখ মুজিবুর রহমানের শাসনামলের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে শেখ মুজিবুর রহমানও দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছিলেন। তাঁর মতে, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে স্বৈরাচারী শাসন ও দমন-পীড়নের বিষয়টি জড়িয়ে রয়েছে।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় যে দণ্ড ঘোষণা করা হয়েছে, তা তাঁকে ভোগ করতে হবে। পাশাপাশি বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়াও যথাযথভাবে সম্পন্ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের পলাতক নেতাদের জীবনযাপন নিয়েও সমালোচনা করেন রিজভী। তিনি অভিযোগ করেন, দলটির অনেক নেতা কলকাতায় ফ্ল্যাট কিনে সেখানে পরিবার ও একাধিক স্ত্রী নিয়ে বসবাস করছেন। আবার কেউ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, কেউবা সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশের ভেতরে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মীদের ব্যবহার করে বিভিন্ন স্থানে বোমাবাজি ও আতশবাজির মতো কর্মকাণ্ড ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভীর ভাষ্য, দলের শীর্ষ পর্যায়ের নেতারা দেশের বাইরে অবস্থান করলেও তৃণমূলের কর্মীদের ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
সমাবেশে দেওয়া বক্তব্যে রিজভী শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের নেতাদের বিদেশে অবস্থান এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন।