জাতীয়

গ্যাসের দাম বাড়ায়নি সরকার, তবু বেশি দামে কিনতে হচ্ছে কেন-জানালেন জ্বালানিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ পিএম

গ্যাসের দাম বাড়ায়নি সরকার, তবু বেশি দামে কিনতে হচ্ছে কেন-জানালেন জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সরকার দেশে গ্যাসের দাম বাড়ায়নি। তবে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ সংকটের কারণে বাংলাদেশকে আগের তুলনায় অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখা এবং গৃহস্থালি পর্যায়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়তি দামে গ্যাস আমদানি করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে বর্তমানে দৈনিক উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন চাহিদা ও উৎপাদনের মধ্যে প্রায় ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে।

মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ উৎপাদন দিয়ে গ্যাসের মোট চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজার থেকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বৃহস্পতিবারও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে বেশি দামে গ্যাস কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন সচল রাখা এবং সাধারণ মানুষের গৃহস্থালি কাজে গ্যাসের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারকে এই বাড়তি দামে গ্যাস কিনতে হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের ক্রয়মূল্য বৃদ্ধি পেলেও সরকার দেশের অভ্যন্তরীণ গ্যাসের দাম বাড়ায়নি। অর্থাৎ বেশি দামে গ্যাস আমদানি করতে হলেও সেই ব্যয়ের কারণে সরকার ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি।

এদিকে এলপিজির দাম নির্ধারণের বিষয়ে মন্ত্রী জানান, সরকার সরাসরি এলপিজি আমদানি করে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজার থেকে এলপিজি আমদানি করে থাকে। পরবর্তী সময়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করা হয়। তাই এলপিজির আমদানি ও মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।