জাতীয়
বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত
জাতীয় সংসদে নিজের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বক্তব্য দিয়েছেন কুষ্টিয়ার সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। এ ঘটনায় তিনি দুবার আহত হয়েছেন বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নুসরাত তাবাসসুম জ্যোতি বলেন, গত ১২ নভেম্বর রাতের প্রথম প্রহরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত তাঁর বসতবাড়িতে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর তিনি শুধু বাড়িঘর পুড়িয়ে দেওয়ার কারণে নয়, বরং সংসদে তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করায়ও মানসিকভাবে আঘাত পেয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমবার যখন দেখেছি আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আর দ্বিতীয়বার যখন দেখেছি এই মহান জাতীয় সংসদে আমার শ্রদ্ধাভাজন সহকর্মীরা আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন-এতে আমি আসলে দুবার আহত হয়েছি।’
ঘটনার বিবরণ তুলে ধরে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য জ্যোতি বলেন, বাড়ির সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, বিস্ফোরণের মতো শব্দ ও পরিস্থিতির মধ্য দিয়ে মুহূর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির ভেতরে থাকা নারী ও শিশুরা প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে কয়েকজন অজ্ঞানও হয়ে পড়েন। এমনকি আগুন লাগার সময় বাড়ির দেয়ালে থাকা বৈদ্যুতিক বাতিগুলো জ্বলতে দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ধরনের দৃশ্যমান প্রমাণ থাকার পরও বাড়িটিকে পরিত্যক্ত এবং অগ্নিকাণ্ডের ঘটনাকে বৈদ্যুতিক শর্টসার্কিটের ফল হিসেবে উপস্থাপন করায় বিস্ময় ও মর্মবেদনা প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, প্রকৃত ঘটনা অনুসন্ধানের আগেই ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে।
তদন্ত চলমান থাকা অবস্থায় দায়িত্বশীল ব্যক্তিদের আগাম মন্তব্য তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন নুসরাত তাবাসসুম জ্যোতি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা কোনো ব্যক্তি তদন্ত শেষ হওয়ার আগেই যদি ঘটনার ফলাফল সম্পর্কে মন্তব্য করেন, তাহলে অধস্তন কর্মকর্তাদের ওপর সেই বক্তব্যের প্রভাব পড়তে পারে। কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে গিয়ে তাঁদের পক্ষ থেকে পূর্বনির্ধারিত বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তদন্ত প্রতিবেদন তৈরির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এ কারণে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিয়ে তিনি সন্দিহান।
সংসদে বক্তব্যের একপর্যায়ে হামলাকারীদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন তিনি। জ্যোতির দাবি, হামলায় জড়িত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশের পাশাপাশি নিজেদের দায় স্বীকার করছে এবং তাঁকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এ সময় গোপালগঞ্জে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে একই ধরনের অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন নুসরাত তাবাসসুম জ্যোতি। পাশাপাশি প্রকাশ্যে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা ও হুমকির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
বক্তব্যের শেষ পর্যায়ে নিজের, পরিবারের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সব অগ্রসেনানীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এই সংসদ সদস্য। স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদের কাছে ঘটনার প্রতিকার চেয়ে তিনি প্রশ্ন রাখেন, ‘আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিকার আমি কবে এবং কীভাবে পাব?’
তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।