সারাবিশ্ব

মায়ামি বিমানবন্দরে রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষ, আহত ২


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

মায়ামি বিমানবন্দরে রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষ, আহত ২
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উড়োজাহাজ দুটির ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুজন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচলে অচলাবস্থা ও ব্যাপক ফ্লাইট বাতিলের ঘটনার এক দিন পর এ দুর্ঘটনা নতুন করে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

দুর্ঘটনায় জড়িত উড়োজাহাজ দুটি হলো কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ এবং পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান ইউপিএসের একটি বোয়িং ৭৬৭। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, অবতরণের পর ট্যাক্সিওয়ে দিয়ে চলাচলের সময় উড়োজাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কোপা এয়ারলাইনসের উড়োজাহাজের ডানার প্রান্তের সঙ্গে ইউপিএসের উড়োজাহাজের সামনের অংশের ধাক্কা লাগে।

মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ বিভাগের পরিচালক গ্রেগ চিন সংবাদমাধ্যম সিএনএনকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোপা এয়ারলাইনসের উড়োজাহাজের এক যাত্রী সিজার ফেরেইরা সিএনএনকে জানান, অবতরণের পর উড়োজাহাজটি স্বাভাবিক গতিতেই চলছিল। একপর্যায়ে আশপাশে কথাবার্তার শব্দ বাড়তে থাকে। এর কিছুক্ষণ পর যাত্রীদের চিৎকার শোনা যায় এবং হঠাৎ অন্য একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগার অনুভূতি হয়। সংঘর্ষের অভিঘাতে তাদের উড়োজাহাজটি একদিকে কাত হয়ে পড়ে। এতে বেশ কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কোপা এয়ারলাইনসের কর্মীরা। তারা সবাইকে নিজ নিজ আসনে বসে থাকার নির্দেশ দেন।

এফএএর প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষের আগে ইউপিএসের উড়োজাহাজের কর্মীদের কোপা এয়ারলাইনসের ফ্লাইটকে পথ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রকরা। এরপরও কীভাবে উড়োজাহাজ দুটি কাছাকাছি চলে এসে সংঘর্ষে জড়াল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে নিয়ন্ত্রকদের নির্দেশনা এবং উড়োজাহাজ দুটির চলাচলের মধ্যে কোনো ধরনের সমন্বয়হীনতা ছিল কি না, তা তদন্তের আওতায় আসতে পারে।

এদিকে, দুর্ঘটনার পর ইউপিএস জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে তারা। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের উড়োজাহাজের কর্মীরা নিরাপদে রয়েছেন। অন্যদিকে, কোপা এয়ারলাইনস এক বিবৃতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং দুর্ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটদের কথোপকথনের অডিওতেও দুর্ঘটনার বিষয়টি উঠে এসেছে। অডিওতে কোপা এয়ারলাইনসের পাইলটকে বলতে শোনা যায়, ‘কেউ আমাদের ধাক্কা দিয়েছে।’ এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের একজন নিয়ন্ত্রক ইউপিএসের পাইলটদের কাছে জানতে চান, তারা অন্য উড়োজাহাজটির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন কি না। জবাবে ইউপিএসের পাইলট বলেন, ‘হ্যাঁ, আমরা একটু বেশি সামনে চলে গিয়েছিলাম। এরপর সে তার ডানা দিয়ে আমাদের ধাক্কা দেয়।’ পরে কোপা এয়ারলাইনসের পাইলট জানান, তাদের উড়োজাহাজের বাম পাশের ডানার প্রান্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

যাত্রী ফেরেইরা আরও জানান, সংঘর্ষের প্রায় ১০ মিনিট পর উড়োজাহাজের ক্যাপ্টেন যাত্রীদের উদ্দেশে ঘোষণা দেন, তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা নেই। কোপা এয়ারলাইনসের দেওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে থাকা ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিরাপদে নেমে আসেন। পরে উড়োজাহাজটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

প্রকাশিত ছবিতে ইউপিএসের উড়োজাহাজটির সামনের অংশ ব্যাপকভাবে দুমড়ে-মুচড়ে যেতে দেখা গেছে। সংঘর্ষের ফলে উড়োজাহাজটির বাইরের প্যানেলেও বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। অন্যদিকে, কোপা এয়ারলাইনসের উড়োজাহাজের ডানার প্রান্তেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কোপা এয়ারলাইনসের ফ্লাইটটি পানামার রাজধানী পানামা সিটি থেকে মায়ামিতে এসেছিল। অপরদিকে, ইউপিএসের পণ্যবাহী উড়োজাহাজটি কলম্বিয়ার রাজধানী বোগোতায় যাওয়ার জন্য উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

উল্লেখ্য, এ দুর্ঘটনার ঠিক আগের দিনই যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশনার পর দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এর ফলে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীকে বিকল্প ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে রাত কাটাতে হয়। এমন পরিস্থিতির মধ্যেই মায়ামি বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা যুক্তরাষ্ট্রের বিমান চলাচল পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে। দেশটির বিভিন্ন বিমানবন্দরে এখনো ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।