জাতীয়

৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল ও ৪৮ টাকায় আতপ চাল কিনবে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল ও ৪৮ টাকায় আতপ চাল কিনবে সরকার
ছবি: সংগৃহীত

আগামী মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান এবং ৪৯ টাকা দরে সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। একই সঙ্গে প্রতি কেজি ৪৮ টাকা দরে আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ মৌসুমে জাতীয় পর্যায়ে মোট ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা তাঁর প্রশ্নে জানতে চান, আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্যশস্য সংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না। হয়ে থাকলে সেই লক্ষ্যমাত্রা কত এবং ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে কি না।

জবাবে খাদ্যমন্ত্রী জানান, গত ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় সারা দেশে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, মাঠপর্যায় থেকে পাওয়া ধানের উৎপাদনসংক্রান্ত তথ্য এবং চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ জেলার জন্য ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই জেলাটির জন্য পৃথক সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করা হবে।

সরকারের নির্ধারিত এ সংগ্রহমূল্য ও লক্ষ্যমাত্রার মাধ্যমে আগামী মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ এবং বাজারে চালের সরবরাহ ব্যবস্থাপনায় ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।