সারাদেশ

পদ্মায় জেলের জালে ১৭ কেজির পাঙ্গাস, বিক্রি হলো ৩৫ হাজার টাকায়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

পদ্মায় জেলের জালে ১৭ কেজির পাঙ্গাস, বিক্রি হলো ৩৫ হাজার টাকায়
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে পিমা হালদারের জালে ধরা পড়েছে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাস মাছ। মাছটি স্থানীয় মাছের বাজারে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়ার পদ্মা নদীর উজানে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে জেলে পিমা হালদারের জালে বড় আকৃতির পাঙ্গাস মাছটি ধরা পড়ার পর তা দৌলতদিয়া মাছ বাজারের ইউসুফ মোল্লার আড়তে নিয়ে আসা হয়। পরে মাছটির ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম পাওয়া যায়। এ সময় মাছটি দেখতে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক মানুষ ভিড় করেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, রবিবার ভোরে তিনি ইউসুফ মোল্লার আড়ত থেকে মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কিছুটা লাভে মাছটি বিক্রি করেন।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়া একটি পাঙ্গাস মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। পদ্মার দেশি মাছের চাহিদা ও কদর বেশি থাকায় এসব মাছের দামও তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে।