রাজনীতি

ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
ছবি: সংগৃহীত

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সেই আদর্শ বুকে ধারণ করেই আগামী দিনের পথচলা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান প্রেরণার উৎস ছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। টাঙ্গাইল থেকেই তিনি স্বাধীনতার আন্দোলনের বীজ বপন করেছিলেন। নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁরা কেউই অন্যায় ও স্বৈরাচারের কাছে আপস করেননি।

বিগত রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা এ দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে। গত ১৭ বছর দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এমনকি শিশুদেরও রেহাই দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, জনগণের আন্দোলনের মুখে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা সাময়িকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারলেও বাংলাদেশের জনগণ কোনোভাবেই তাদের দেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেবে না। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাড়িঘরে আগুন দেওয়ার মতো ঘটনা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও খুনিরাই করতে পারে। এই অপশক্তি যাতে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে বিষয়ে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে পাড়া-মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনেও সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে কাজ করতে হবে। মওলানা ভাসানীর মতো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন সংগ্রাম ও আদর্শই হবে আমাদের সামনের পথচলার প্রেরণা।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

স্মরণসভা শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় জিয়ারত করেন।

এদিকে, মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার এলাকা। ভক্ত, অনুসারী ও মুরিদানদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় তাঁদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সন্তোষের মাজার প্রাঙ্গণ।