জাতীয়
ব্যবসার অনুমোদন ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চান বাণিজ্যমন্ত্রী
ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সরকারি অনুমোদন পেতে দীর্ঘসূত্রতা কমাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, অগ্নিনিরাপত্তা সনদ এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় লাগে। এই সময় কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চাওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে সরকারি সেবা প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদন ও সেবা পাওয়ার সময় ১৪ দিনে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের নীতিগত পরামর্শ ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।
সরকারের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসায়ীদের সময় ও পরিচালন ব্যয় কমবে। পাশাপাশি নতুন ব্যবসা প্রতিষ্ঠা সহজ হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হবে।
এদিকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল দেশের রপ্তানি কাঠামোতে বৈচিত্র্য আনতে চামড়া, জুতা, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং স্বর্ণালঙ্কার শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ এখনো তৈরি পোশাক খাত থেকে আসে। এই একক খাতের ওপর নির্ভরতা কমিয়ে নতুন নতুন শিল্পের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এজন্য সম্ভাবনাময় শিল্প খাতগুলোকে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
চামড়াশিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের প্রচেষ্টা চলছে।
অন্যদিকে দেশের স্বর্ণশিল্পকে একটি প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিত কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী কয়েক বছরের মধ্যে এই শিল্পকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী করে গড়ে তুলতে চায় বাণিজ্য মন্ত্রণালয়।
আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহৎ বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনায় আরও রয়েছে উন্নয়ন প্রকল্পের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা দূর করা, প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তর করা। এসব উদ্যোগের মাধ্যমে বাণিজ্যনীতি প্রণয়ন, গবেষণা ও বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাংলাদেশের বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়াশিল্প ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং মুক্ত বাণিজ্য চুক্তি-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, বাংলাদেশের বেসরকারি খাত এবং উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী। এর মাধ্যমে দেশের শিল্প খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরিতে সহযোগিতা করা সম্ভব হবে।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
তিনি আরও জানান, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্যনীতি সংস্কার এবং লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করা গেলে দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর বড় সুযোগ তৈরি হবে।
বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।