আইন আদালত

রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, সন্তোষ প্রকাশ বাবার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, সন্তোষ প্রকাশ বাবার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। হাইকোর্টের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। সকাল ১০টা ৩৬ মিনিটে রায় ঘোষণা শুরু হয়ে টানা প্রায় দুই ঘণ্টা ধরে আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত তুলে ধরা হয়।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম সময়ে এ মামলার বিচার সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং অপর আসামি স্বপ্না খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন। তবে রায়ের সব বিষয় এখনো বিস্তারিতভাবে জানা হয়নি।

তিনি আরও বলেন, ‘মাত্র রায় ঘোষণা করা হলো। আমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বসব। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আপনাদের জানাব।’

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে পর্যবেক্ষণে বলেন, শিশু রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। ফলে নিম্ন আদালতের দেওয়া সোহেল রানার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন হাফিজুর রহমান খান। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

হাইকোর্টের এ রায়ের মধ্য দিয়ে শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকল। তবে স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে রায়ের বিস্তারিত জেনে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন রামিসার বাবা।