রাজনীতি

বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হতো: দুলু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হতো: দুলু
ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে আলেম-ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে অসম্মানিত করা হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং আলেম-ওলামাদের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নিকাহ রেজিস্ট্রারদের ভূমিকার প্রশংসা করে হুইপ দুলু বলেন, কাজী সাহেবরা মুসলিম নর-নারীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব পালন করেন। নিকাহ সম্পন্ন করার মাধ্যমে তাঁরা একটি ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। ঐতিহাসিকভাবে বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধান কাজীদের মতামতকে গুরুত্ব ও মর্যাদা দিয়ে আসছেন। তিনি আরও বলেন, মিথ্যা কখনো স্থায়ী হয় না; সত্য চিরকাল সত্য হিসেবেই প্রতিষ্ঠিত থাকে।

আলেম-ওলামাদের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্কের বিষয়ে দুলু বলেন, আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে রয়েছেন। তাঁদের সমর্থন ও সহযোগিতা সরকারের ক্ষমতায় আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এবং ধর্মীয় ব্যক্তিত্বদের যথাযথ সম্মান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন রাষ্ট্রের ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করতেন উল্লেখ করে হুইপ দুলু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁদের যথাযথ সম্মান করেন। ধর্মীয় ব্যক্তিত্ব ও আলেম-ওলামাদের মর্যাদা রক্ষায় সরকার আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে নিকাহ রেজিস্ট্রারদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে দুলু জানান, নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রসংক্রান্ত চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবিটি তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এ ছাড়া সমিতির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সে ব্যবস্থা করতেও তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি ও মহাসচিবসহ সংগঠনটির বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা এবং সদস্যরা সমাবেশে বক্তব্য দেন। তাঁরা নিকাহ রেজিস্ট্রারদের অধিকার, পেশাগত মর্যাদা ও অধিক্ষেত্রসংক্রান্ত বিধিমালা সুরক্ষার বিষয়ে নিজেদের মতামত ও দাবি তুলে ধরেন।