সারাদেশ
লালমনিরহাটে শীতের দাপট, দু’দিনেও মেলেনি সূর্যের দেখা
লালমনিরহাটে হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। টানা দু’দিন ধরে সূর্যের দেখা না মেলায় কমেছে দিনের তাপমাত্রা, বেড়েছে শীতের অনুভূতি। মাঝরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এর সঙ্গে বয়ে যাওয়া মৃদু ঠান্ডা বাতাসে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বিশেষ করে তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর চরাঞ্চলের বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত জেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। এ সময় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৬ নভেম্বর) থেকেই জেলায় এমন আবহাওয়া বিরাজ করছে। মঙ্গলবার সকাল থেকে শীতের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়তে শুরু করেছে।
তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কৃষিজমি ও শহরের বিভিন্ন স্থানে কাজ করতে হচ্ছে তাঁদের। ভোরের ঠান্ডা বাতাস আর কুয়াশার মধ্যেই মাঠে নেমে পড়ছেন কৃষিশ্রমিকেরা। এতে কাজ করতে গিয়ে নানা ধরনের অসুবিধার মুখে পড়ছেন তাঁরা।
সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের তালুক মৃত্তিকা গ্রামের কৃষিজমিতে নিড়ানির কাজ করছিলেন দিনমজুর ওমর মিয়া। শীতের কারণে কাজ করতে কিছুটা কষ্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আজ বেলা দেখা যায়নি। গতকালের চেয়ে আজ ঠান্ডা বেশি। ঠান্ডার কারণে কাজ করতে একটু সমস্যা হচ্ছে।’
একই এলাকার কৃষক ফয়সাল আলী তখন জমি থেকে ফুলকপি তুলছিলেন। শীতের কারণে হাত অসাড় হয়ে আসছে জানিয়ে তিনি বলেন, ‘বাহে, ঠান্ডা বুঝি নামি গেইল। ফুলকপি তুলতে হাত অসাড় হয়া যায়।’
এদিকে শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক তৈরির কারিগরদের। লালমনিরহাট শহরের লেপ-তোশক কারিগর আজিজার রহমান বলেন, ‘ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোশক তৈরির কাজ শুরু হয়েছে।’
আবহাওয়ার এই পরিবর্তন প্রসঙ্গে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় এ অঞ্চলের তাপমাত্রা কমেছে। আগামী সপ্তাহ পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করতে পারে। তবে চলতি মাসের শেষ দিকে এ অঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
হঠাৎ শীতের এমন দাপটে একদিকে যেমন চরাঞ্চলের মানুষ ও কৃষিশ্রমিকেরা ভোগান্তিতে পড়েছেন, অন্যদিকে লেপ-তোশকের দোকানগুলোতে বাড়তে শুরু করেছে কাজের চাপ। আবহাওয়ার পরিস্থিতি আরও পরিবর্তিত হলে শীতের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।